২০১৬ সালে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়। এরপর থেকে ওয়ানডে বিশ্বকাপের আগে ওয়ানডে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি সংস্করণে এশিয়ান শ্রেষ্ঠত্বের এই লড়াই হয়ে আসছে।
২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে বাংলাদেশের মাটিতে হবে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপ।
এশিয়া কাপ ছাড়াও ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ। এই দুই ইভেন্টকে কেন্দ্র করেই পূর্বাচল স্টেডিয়ামের প্রাথমিক কাজ শুরু করার কথা জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
শনিবার পূর্বাচল স্টেডিয়াম পরিদর্শন শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গণমাধ্যমকে বলেন, ‘আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ সিনিয়র ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছি। তারা পুরো বিষয়টি আমাদের জানিয়েছেন এবং আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করছি।
আমরা আশা করছি, ২০২৭ সালের এশিয়া কাপ এবং ২০৩১ সালের বিশ্বকাপ, যেখানে কো-হোস্ট হওয়ার সুযোগ রয়েছে, সেটি মাথায় রেখে প্রথম ধাপে ক্রিকেট বোর্ডই কার্যক্রম শুরু করবে।’
আমিনুল আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় যা কিছু করণীয় আছে, সেটি আমরা পরিকল্পিতভাবে এগিয়ে নিতে চাই, যাতে এই প্রকল্প নিয়ে আর কোনো বিভ্রান্তি বা জটিলতা না থাকে।’
পূর্বাচল স্টেডিয়াম নিয়ে আলোচনা দীর্ঘদিনের। কিন্তু সেই আলোচনা কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ ছিল। কিছু উইকেট তৈরি হলেও বাস্তবিক অর্থে স্টেডিয়ামের কোনো কাঠামোই তৈরি হয়নি।
তামিম এবার কাজ শুরুর কথা জানালেন, ‘প্রয়োজনীয় পরিবর্তনগুলো দ্রুতই করে নেওয়া হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কাজ শুরু করা। আগে আলোচনা হলেও কাজ শুরু হয়নি, তবে এবার মাননীয় প্রতিমন্ত্রীর পক্ষ থেকে দ্রুত কাজ শুরুর স্পষ্ট নির্দেশনা এসেছে। আমরা খুব শিগগিরই কাজ শুরু করতে চাই।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
