নিউজিল্যান্ড সিরিজের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে তামিম ইকবাল দায়িত্ব পাওয়া জাতীয় দলকে বাড়তি অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
এক বছর আগে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে তামিমের সাথে খেলেছেন মিরাজ। একজন সাবেক সতীর্থ বোর্ড সভাপতি হিসেবে থাকায় সুবিধা দেখছেন মিরাজ।
আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে মিরাজ বলেন বলেন, ‘যেহেতু আমরা একসঙ্গে ক্রিকেট খেলেছি, তাই তিনি আমাদের ভালোভাবে বোঝেন। মাত্রই খেলা ছাড়ার কারণে আমাদের কি প্রয়োজন এবং আমরা কি পছন্দ করি, সেটি ভালোভাবে জানেন তামিম। এটি খেলোয়াড়দের জন্য ইতিবাচক দিক।’
গত ৭ এপ্রিল নতুন দায়িত্ব গ্রহণ করার পরই খেলোয়াড়দের বেতন ও ম্যাচ ফি বাড়ানোর পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের উন্নতির পদক্ষেপ নিয়েছেন তামিম।
তামিমের সাথে আলাপচারিতার ব্যাপারে মিরাজ বলেন, ‘আমরা সভাপতির সঙ্গে কথা বলেছি এবং তাকে জানিয়েছি যে, দল ভালো করছে। তিনি আমাদের অনুপ্রাণিত করেছেন এবং বলেছেন আমাদের এই ভালো ক্রিকেট খেলা চালিয়ে যেতে হবে।’
বাংলাদেশ ক্রিকেটে মাঠের বাইরের কিছু সমস্যা থাকা সত্ত্বেও সেগুলো দলের মনোযোগে প্রভাব ফেলেনি বলে জানান মিরাজ।
তিনি আরও বলেন, ‘ আমাদের অনুশীলনটা বেশ ভালো হয়েছে। পেশাদার ক্রিকেটার হিসেবে, বাইরে যা ঘটে তা আমাদের ওপর প্রভাব ফেলে না। আমাদের কাজ হলো ভালো খেলা।’
আগামীকাল থেকে মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজের প্রথম দুটি ম্যাচ মিরপুরে এবং শেষ ম্যাচটি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল ১১টায়।
এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
