সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মাঠে গড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় লিস্ট ‘এ’ ক্রিকেট প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল)। সোমবার (৪ মে) ডিপিএলের ২০২৫-২৬ মৌসুমের উদ্বোধনী দিনেই বড় অঘটনের জন্ম দিয়েছে ঢাকা লিওপার্ডস। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে ৫ উইকেটে হারিয়েছে মোহাম্মদ মিঠুনের দল।
বৃষ্টির কারণে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত আবাহনী ও লিওপার্ডস ম্যাচটি ৩০ ওভারে নামিয়ে আনা হয়। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে সাব্বির রহমানের ঝোড়ো ব্যাটিংয়ের পরেও ৩০ ওভারে ৮ উইকেটে ১৮১ রানের সংগ্রহ পায় আবাহনী। জবাবে ওপেনার জাকির হাসানের ব্যাটে চড়ে ৫ বল হাতে রেখে তুলে নেয় লিওপার্ডস।
এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে দলীয় ১২ রানে ২ উইকেট হারায় আবাহনী। ওপেনার সৌম্য সরকার শূন্য হাতে এবং জিশান আলম ৬ রানে আউট হন। এরপর আবাহনীকে বিপদমুক্ত করেন মাহিদুল ইসলাম অঙ্কন ও মেহেরব হাসান। তৃতীয় উইকেটে ৬১ রান যোগ করেন তারা। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে ৪ উইকেট হারায় তারা।
এ সময় মাহিদুল ও মেহেরব ৩৮ রান করে, অধিনায়ক মোসাদ্দেক হোসেন ১৭ ও জাকের আলি ৪ রানে আউট হন। এতে ১২৮ রানে ষষ্ঠ উইকেট পতন হয় আবাহনীর। এ অবস্থায় আবাহনীকে টেনে তোলার চেষ্টা করেন সাত নম্বরে নামা সাব্বির রহমান। মারমুখী ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে থাকেন তিনি। ২টি চার ও ৫টি ছক্কায় ২৯ বলে অপরাজিত ৫৫ রান করেন সাব্বির।
জবাবে জাওয়াদ আবরার ২৩, সৈকত আলি ২৮ ও অধিনায়ক মোহাম্মদ মিঠুন ৩৭ রানে আউট হলেও, লিওপার্ডসের জয়ের পথ সহজ করেন ওপেনার জাকির হাসান। ৬টি চার ও ৩টি ছক্কায় ৬৬ বলে ৭৪ রানের ইনিংস খেলেন জাকির। তৃতীয় উইকেটে মিঠুন-জাকির ৭৩ রানের জুটি গড়েন। শেষ দিকে ইফতেখার হোসেন ইফতি ৯ ও আলাউদ্দিন বাবু ৫ রানে অপরাজিত থেকে লিওপার্ডসের জয় নিশ্চিত করেন।
সংক্ষিপ্ত স্কোর:
আবাহনী লিমিটেড: ১৮১/৮ (৩০ ওভার); সাব্বির ৫৫*, অঙ্কন ৩৮, মেহেরব ৩৮। মইন খান ৩/২১, আল ফাহাদ ২/৩০।
ঢাকা লেপার্ডস: ১৮৪/৫ (২৯.১ ওভার); জাকির ৭৪, মিঠুন ৩৭, সৈকত আলী ২৮। জিশান আলম ২/৯।
ম্যাচসেরা: জাকির হাসান
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
