শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার ক্ষত কাটতে না কাটতেই দুঃসংবাদ পেলেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সিরিজের শেষ ম্যাচে আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তির মুখে পড়েছেন তিনি। আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল-১ পর্যায়ের নিয়ম ভাঙায় তাকে তিরস্কার করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে।
গত শনিবার (২ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের সময় এই ঘটনা ঘটে। আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট জ্যোতি মাঠ ছাড়ার আগে রাগে নিজের ব্যাট মাটিতে ছুঁড়ে মারেন। জ্যোতির এই আচরণকে ক্রিকেট সরঞ্জামের অপব্যবহার হিসেবে গণ্য করেছে আইসিসি।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতিতে জানায়, গত ২৪ মাসের মধ্যে এটিই জ্যোতির প্রথম অপরাধ। অধিনায়ক নিজেই ম্যাচ রেফারি সুপ্রিয়া রানী দাসের প্রস্তাবিত এই শাস্তি মেনে নিয়েছেন। ফলে বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
মাঠের আম্পায়ার এলোইস শেরিডান, সাথিরা জাকির জেসি, তৃতীয় আম্পায়ার রোকেয়া সুলতানা এবং চতুর্থ আম্পায়ার চম্পা চাকমা জ্যোতির বিরুদ্ধে এই অভিযোগ আনেন। সাধারণত লেভেল-১ ভঙ্গের ক্ষেত্রে তিরস্কারের পাশাপাশি সর্বোচ্চ ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়ার বিধান রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
