ঢাকাThursday , 16 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

জয় দিয়ে সিরিজ শুরুর লক্ষ্যে কাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ

BDKL DESK
April 16, 2026 8:34 pm
Link Copied!

জয় দিয়ে সিরিজ শুরুর লক্ষ্য নিয়ে আগামীকাল থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দিনের আলোয় অনুষ্ঠিত হবে সিরিজের সবগুলো ম্যাচ।

জয় দিয়ে সিরিজ শুরু কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথম ওয়ানডের আগে আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রথম ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। জয় দিয়ে শুরু করতে পারলে পুরো সিরিজে ভালো পারফরমেন্সের আত্মবিশ্বাস যোগাবে।’

দিনের আলোয় খেলা নিয়ে মিরাজ বলেন, ‘আমরা গত এক মাস ধরে খুব ভালোভাবে অনুশীলন করেছি এবং বেশিরভাগ অনুশীলন সেশনই দিনের আলোয় হয়েছে। ম্যাচের সময় পরিবর্তনে দলের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি না।।’

সিরিজ জয়ের ব্যাপারে দল আত্মবিশ্বাসী জানিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘দলের মধ্যে বোঝাপড়া চমৎকার। সবাই পারফর্ম করতে এবং অবদান রাখতে মুখিয়ে আছে। সিরিজ জয়ে খেলোয়াড়রা বেশ অনুপ্রাণিত বলে আমার মনে হয়।’

নিউজিল্যান্ডের প্রথম সারির বেশ কয়েকজন খেলোয়াড় না থাকার পরও সফরকারীদের হালকাভাবে নিচ্ছেন না মিরাজ। তিনি বলেন, ‘প্রথম সারির বা দ্বিতীয় সেরা দল বলে কিছু হয় না। এটা জাতীয় দল এবং সবাই নিজ দেশের প্রতিনিধিত্ব করে থাকে। নিউজিল্যান্ড ঐতিহ্যগতভাবে খুবই শৃঙ্খলাপরায়ণ এবং তারা জানে কীভাবে ম্যাচ জিততে হয়। আমাদের খুব সতর্ক থাকতে হবে এবং সেরা পারফরমেন্স করতে হবে।’

সিরিজ জয়ের লক্ষ্য নিউজিল্যান্ডেরও। দলের অধিনায়ক টম লাথাম বলেন, ‘আমরা এখানে সিরিজ জিততে এসেছি। এটাই আমাদের প্রধান লক্ষ্য। আমাদের দলে এমন কিছু খেলোয়াড় আছে, যাদের এই ধরনের পরিস্থিতিতে খেলার অভিজ্ঞতা কম। কিন্তু বাংলাদেশের মতো জায়গায় তারা যত বেশি খেলার সুযোগ পাবে, তা আমাদের জন্য ভালো হবে। আমরা প্রতি ম্যাচ থেকে শিখতে ও উন্নতি করতে পারলে সিরিজ শেষে আমরা ইতিবাচক ফলাফল অর্জন করতে পারব।’

লাথাম আরও জানান, তরুণ খেলোয়াড়দের পথ দেখাতে সিনিয়ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, ‘যখন কোনো দল কম অভিজ্ঞ হয়ে থাকে, তখন যারা এই ধরনের পরিস্থিতিতে আগে খেলেছে তাদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়া জরুরি। প্রস্তুতি মূল বিষয়, কিন্তু খেলা শুরু হয়ে গেলে, সামনে যা আছে সেগুলোর সাথে মানিয়ে নেওয়া এবং কার্যকর করাই আসল কাজ।’

২০২৩ সালে বাংলাদেশের মাটিতে সর্বশেষ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড। যা ছিল ২০০৮ সালের পর বাংলাদেশের মাটিতে কিউইদের প্রথম সিরিজ জয়।

সব মিলিয়ে ৪৬ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এরমধ্যে নিউজিল্যান্ড ৩৪টি এবং বাংলাদেশ ১১টি ম্যাচে জয় পেয়েছে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশ দল : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

নিউজিল্যান্ড দল : টম লাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেইডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, বেন লিস্টার ও উইল ইয়ং।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।