সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড দল। তবে সিরিজে সফরকারীদের দলে নেই অধিকাংশ তারকা ক্রিকেটার, রয়েছে একাধিক নতুন মুখ। এই দল নিয়েই সিরিজের প্রথম ওয়ানডেতে তারা ২৬ রানে জিতেছে।
দ্বিতীয় ম্যাচের আগে আজ (রোববার) সংবাদ সম্মেলনে এসে শরিফুল ইসলাম ব্যাকআপ টিমের কাছে হার প্রসঙ্গে বললেন, ‘একটা ম্যাচে আমরা হয়তো ভুল করেছি, তারাও ভালো দল। আমরাও ভালো দল। ইনশাআল্লাহ পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াব। এটা তো গোল বলের খেলা, যে কোনো কিছু হতেই পারে।’
ওয়ানডেতে নিজের পারফরম্যান্স নিয়ে শরিফুল বলেন, ‘সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলেছিলাম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি দলের বাইরে ছিলাম। আমি সবসময় মনে করতাম আমি আমার বেসিক কাজগুলো করে যাব, যখন সুযোগ আসবে আলহামদুলিল্লাহ মোটামুটি বেসিক কাজগুলো করে যাব। যখন সুযোগ আসবে, আমি মোটামুটি একটা ভালো পারফর্ম করব। আমি নিজের সঙ্গে লড়াই করে গেছি, যখন সুযোগ আসছে, আলহামদুলিল্লাহ।’
একই একাদশ খেলানো নিয়ে বিরক্ত কিনা প্রশ্নে শরিফুল বললেন, ‘না হতাশার কিছু নেই। যারা খেলছে সবাই ভালো করছে। যারা বাইরে আছে তারাও ভালো। এটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা আমাদের জন্য, আমি চাইব এরকম প্রতিযোগিতা যতদিন আমরা ক্রিকেট খেলব, ততদিন যেন থাকে। যেমন মুস্তাফিজ ভাই টসের আগে (চোটে পড়ে) খেলতে পারল না। আমি আসলাম, আলহামদুলিল্লাহ কিছু করতে পেরেছি। এরকম কেউ চোটে পড়লে যেন অন্য কেউ এসে এরকম ভালো করতে পারে। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো, এরকম ভালো ভালো পেসার দলে আছে, দলের বাইরে আছে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
