রাজশাহীর শহীদ কামরুজ্জামান ক্রিকেট স্টেডিয়ামের আন্তর্জাতিক অভিষেকে শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ম্যাচসেরা টাইগ্রেস ব্যাটার শারমিন আক্তার সুপ্তার উন্নতি হয়েছে আইসিসি র্যাঙ্কিংয়েও।
মঙ্গলবার মেয়েদের ওয়ানডে র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই এগিয়েছেন বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার।
রাজশাহীতে সোমবার সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারায় বাংলাদেশ। ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে স্বাগতিকরা। প্রথম দুই ওভারে দুই উইকেট হারানোর পর ইনিংসের হাল ধরেন শারমিন। ১৩টি চারের সাহায্যে ৮৬ রানের চমৎকার ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কারও জিতে নেন তিনি। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে এখন ২২ নম্বরে অবস্থান তার—বাংলাদেশি ব্যাটারদের মধ্যে যা সর্বোচ্চ।
দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আরেক ব্যাটার সোবহানা মোস্তারি। ৬টি চার মেরে ৪১ রান করা এই ব্যাটার র্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়ে এখন আছেন ৫০তম স্থানে তিনি।
বোলারদের তালিকাতেও উন্নতি হয়েছে বাংলাদেশের তিন ক্রিকেটারের। বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ৩৮ রানে দুই উইকেট নিয়ে এক ধাপ এগিয়েছেন। বর্তমানে তিনি আছেন ১৩ নম্বরে, যা বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা অবস্থান।
এছাড়া লেগস্পিনার রাবেয়া খান এক ধাপ উন্নতি করে উঠে এসেছেন ২০ নম্বরে। আর পেসার মারুফা আক্তার এক উইকেট নিয়ে বড় লাফ দিয়েছেন র্যাঙ্কিংয়ে, নয় ধাপ এগিয়ে এখন আছেন যৌথভাবে ৪৩তম স্থানে।
মেয়েদের ওয়ানডে ব্যাটারদের তালিকায় আগের মতোই শীর্ষে আছেন ভারতের স্মৃতি মান্ধানা। বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার অ্যালানা কিং। আর অলরাউন্ডারদের তালিকার এক নম্বরে আছেন আরেক অস্ট্রেলিয়ান অ্যাশলি গার্ডনার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
