ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ এ সমতায়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামে মাঠে গড়াবে সিরিজ নির্ধারণী ম্যাচ। তার আগেই সবশেষ আইসিসি র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের তারকারা।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডের দেয়া ১৯৯ রানের লক্ষ্য তাড়ায় ৫৮ বলে ১০ চার ও ৪ ছক্কায় ৭৬ রানের ইনিংস খেলেন তানজিদ হাসান তামিম। বাংলাদেশের ওপেনার এমন ঝলমলে ইনিংস খেলে ওয়ানডে ব্যাটার র্যাংকিংয়ে ১৪ ধাপ এগিয়েছেন। এই বাঁহাতি ব্যাটারের অবস্থান এখন ৪০ নম্বরে।
একই ম্যাচে ৩০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন বাংলাদেশি তারকা ব্যাটার তাওহীদ হৃদয়। তাতে এই মিডল অর্ডার ব্যাটার পাঁচ ধাপ এগিয়ে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে যৌথভাবে ২৬তম। বাংলাদেশ সিরিজের স্কোয়াডে না থাকলেও ব্যাটারদের তালিকায় এখনো শীর্ষে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।
ওয়ানডে বোলার র্যাংকিংয়েও বাংলাদেশের খেলোয়াড়দের সাফল্য রয়েছে। স্পিনার রিশাদ হোসেন ও পেসার নাহিদ রানা ছয় উইকেট ভাগাভাগি করেছেন। দ্বিতীয় ম্যাচে এক উইকেট নিয়ে ১০ ধাপ এগিয়ে ৫৮তম রিশাদ। আর পাঁচ উইকেট নিয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছেন নাহিদ। ৩২ ধাপ এগিয়ে ৬৪তম তিনি।
২০২৪ সালের পর ওয়ানডেতে ফিরে দারুণ বোলিং করা পেসার শরিফুল ইসলাম দুটো ম্যাচেই দুটি করে উইকেট নিয়ে বোলার র্যাংকিংয়ের ৩৯ নম্বরে উঠেছেন। বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দুই ধাপ নেমে আটে। দুই ম্যাচে মাত্র একটি উইকেট তার। ইনজুরিতে এই সিরিজে কোনো ম্যাচ না খেলা মুস্তাফিজুর রহমান ৭ ধাপ নেমে ৫৫ নম্বরে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
