চীনের সানিয়ায় অনুষ্ঠিত এশিয়ান বিচ গেমসের নারী কাবাডিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের কাছে ৩৬–৩৮ পয়েন্টে পরাজিত হয়েছে বাংলাদেশ নারী দল। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে মাত্র দুই পয়েন্টের ব্যবধানে হারলেও গ্রুপ রানার্স আপ হিসেবে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
মূলত বাংলাদেশ ও নেপাল দু’দলই আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল। ফলে এই ম্যাচটি ছিল গ্রুপ সেরা হওয়ার লড়াই, যেখানে জয়ী দল এড়াতে পারত অন্য গ্রুপের চ্যাম্পিয়ন শক্তিশালী ভারতকে। সেই লক্ষ্যেই ম্যাচটি শুরু থেকেই ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচটি শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা পিছিয়ে রোববার (২৬ এপ্রিল) সকালে মাঠে গড়ায়। শুরু থেকেই দু’দল আক্রমণ-প্রতি আক্রমণের খেলায় মেতে ওঠে। প্রথমার্ধে নেপাল সামান্য আধিপত্য দেখিয়ে ১৯-১৭ পয়েন্টে এগিয়ে থাকে।
বিরতির পর বাংলাদেশ ম্যাচে ফেরার জন্য জোর চেষ্টা চালায়। একাধিক আক্রমণ ও রেইডে ব্যবধান কমানোর সুযোগ তৈরি হলেও নেপালের সুসংগঠিত রক্ষণভাগ এবং কার্যকর রেইডিং পারফরম্যান্সে তারা এগিয়ে থাকে। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চললেও ব্যবধান আর ঘোচানো যায়নি। নির্ধারিত সময় শেষে নেপাল ৩৮ এবং বাংলাদেশ ৩৬ পয়েন্টে ম্যাচ শেষ করে।
এই ফলাফলের ফলে গ্রুপ পর্বে দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। নিয়ম অনুযায়ী, অন্য গ্রুপের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামতে হবে বাংলাদেশ নারী দলকে। ম্যাচটি অনুষ্ঠিত হবে রোববার (২৬ এপ্রিল) দুপুর ২টায় বাংলাদেশ সময়।
সেমিফাইনালে ভারতকে হারাতে পারলে বাংলাদেশ সরাসরি ফাইনালে উঠবে, আর হারলে ব্রোঞ্জ পদক নিয়ে প্রতিযোগিতা শেষ করবে দলটি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
