বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়ন। ফুটবল ও ক্রিকেটে নিয়মিত অংশগ্রহণ করে তারা। এবার ভলিবলেও আসবে- এমনটাই ঘোষণা দিয়েছেন ব্রাদার্স ইউনিয়নের আহ্বায়ক ইশরাক হোসেন।
স্বাধীনতা দিবস ভলিবলে আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি আসন্ন ঢাকা মহানগর ভলিবল লিগে ব্রাদার্স ইউনিয়নের অংশগ্রহণের বিষয়ে বলেন, ‘ব্রাদার্স ইউনিয়ন সুনামের সঙ্গে ফুটবল-ক্রিকেট খেলছে। সামনে ভলিবলেও অংশগ্রহণ করবে।’
সত্তর-আশির দশকে ভলিবল বেশ জনপ্রিয় খেলা ছিল। সেই খেলা ধীরে ধীরে জনপ্রিয়তা হারিয়েছে। পল্টনের কোর্ট ভলিবলের প্রধান ভেন্যু হলেও রয়েছে নানা সীমাবদ্ধতা। সেন্ট্রাল এসি না থাকায় গরমে খেলোয়াড়দের অনেক সমস্যা হয়। এই সমস্যা সমাধান সহ ভলিবলের পাশে থাকার ঘোষণা দিলেন ইশরাক, ‘ভলিবলের এসির বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে আলাপ করব। ভলিবলের উন্নয়নে পাশে থাকতে চাই।’
স্বাধীনতা ও জাতীয় দিবস ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ২৫-১৩, ২৫-২০, ২৩-২৫, ২৫-১৮ পয়েন্টে ৩-১ সেটে বাংলাদেশ বিমান বাহিনীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এই টুর্নামেন্টে ৩য় স্থান অর্জন করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। সেনাবাহিনীর মো. সিফাত হোসেন সেরা খেলোয়াড় এবং পানি উন্নয়ন বোর্ডের মাজহারুল ইসলাম সেরা আউট সাইড অ্যাটাকার নির্বাচিত হয়েছেন। এছাড়া সেরা সেটার হয়েছেন সেনাবাহিনীর আশিকুজ্জামান ও সেনাবাহিনীর আব্দুল হাকিম সেরা লিবারু হয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
