ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) নতুন মৌসুমকে সামনে রেখে লোগো ও ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।
অনুষ্ঠানে ডিপিএল আয়োজনের চ্যালেঞ্জ ও পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে তামিম বলেন, ‘আমরা যখন এটার দায়িত্ব পেয়েছি, আমি আর আমার বোর্ডের প্রত্যেকটা মেম্বার, আমাদের জন্য প্রথম চ্যালেঞ্জটা ছিল যে ঢাকা প্রিমিয়ার লিগ বা অন্য যে লিগগুলো আছে এগুলোকে মাঠে কীভাবে ফেরত নিয়ে আসতে পারি এটা নিয়ে কাজ করা।’
তিনি আরও বলেন, ‘আমাদের প্লেয়ারদের জন্য, বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট প্লেয়ারের জন্য এটা আমাদের ক্রিকেটিং ইকোসিস্টেমের খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলোর একটি। এটাকে আয়োজন করা চ্যালেঞ্জিং ছিল কেননা গত কয়েক মাস ধরে ক্রিকেট একদম থেমে ছিল।’
এদিকে টুর্নামেন্টের স্বচ্ছতা ও দুর্নীতি দমনে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানিয়েছেন তামিম। তিনি বলেন, ‘ঢাকা লিগে এবার কেউ ড্রেসিংরুমে ফোন ব্যবহার করতে পারবে না। মাঠে ঢুকেই ফোন জমা দিতে হবে।’
দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যবাহী ও প্রতিযোগিতামূলক আসর হিসেবে বিবেচিত ডিপিএল দীর্ঘদিন ধরেই জাতীয় দলের ক্রিকেটারদের প্রস্তুতির বড় মঞ্চ। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারণে ঘরোয়া ক্রিকেটে স্থবিরতা তৈরি হয়েছিল। সেই প্রেক্ষাপটে নতুন করে ডিপিএল মাঠে ফেরানোকে বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছে বোর্ড।
তামিম মনে করেন, এই লিগ সচল রাখা দেশের ক্রিকেটের সামগ্রিক কাঠামোকে সক্রিয় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
