চীনের সাংহাইয়ে বিশ্বকাপ আরচ্যারি স্টেজ-২ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ রিকার্ভ-কম্পাউন্ড পুরুষ-নারী ব্যক্তি, দলগত ও মিশ্র সব মিলিয়ে ১০ ইভেন্টেই অংশগ্রহণ করবে। বাংলাদেশের ১৩ আরচ্যার বিশ্বকাপে অংশ নিচ্ছেন। এর মধ্যে রিকার্ভ নারী আরচ্যার নাসরিন আক্তারের বিষয়টি একটু বিশেষ। মাত্র ১৩ মাসের সন্তান রেখে তিনি দেশের জন্য বিশ্বকাপ খেলতে যাচ্ছেন।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে আরচ্যারি ফেডারেশন সংবাদ সম্মেলন আয়োজন করে। সেই সম্মেলনে আরচ্যাররাও উপস্থিত ছিলেন। মাত্র ১৩ মাসের সন্তানকে রেখে বিশ্বকাপ খেলতে যাওয়া সম্পর্কে নাসরিন বলেন, ‘বিষয়টি মা হিসেবে একটু কঠিনই। কারণ আমার সন্তান এখনো অবুঝ। মাকে খুঁজবে কিছুক্ষণ পরপরই। এরপরও দেশের জন্য বিশ্বকাপে খেলতে যাচ্ছি।’
এক বছর বয়সী সন্তান রেখে দেশের বাইরে খেলতে যাওয়ার সিদ্ধান্ত অনেক কঠিনই। এ ক্ষেত্রে স্বামীর অনেক সহায়তা পেয়েছেন নাসরিন, ‘পরিবারের সহায়তা না থাকলে আমার পক্ষে দেশের বাইরে খেলতে যাওয়া সম্ভব ছিল না। তারা সন্তানকে দেখাশোনা করতে পারবে। এরপরও তো মাকে খুঁজবে, কান্নকাটিও করবে।’ আরচ্যারি দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক নাসরিনের দৃঢ়তার প্রশংসা করে বলেন, ‘নাসরিন মিশনে ছিল কঙ্গোতে। সেখানে এক বছর কাজ করে আরচ্যারিতে ফিরেছে। মা হওয়ার পরও তার স্কোর সেই পর্যায়ে রয়েছে।’

চীন বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য সম্পর্কে কোচ মার্টিন বলেন, ‘সামনে এশিয়ান গেমসে আমরা মূলত সেই টুর্নামেন্টের প্রস্তুতির জন্যই যাচ্ছি। পাশাপাশি বিশ্বকাপেও ভালো ফলাফল করতে চাই।’ বাংলাদেশ গত মাসে থাইল্যান্ডে এশিয়া কাপে কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছে। তাই কম্পাউন্ডের উপর একটু বাড়তি প্রত্যাশা তৈরি হয়েছে। কম্পাউন্ড দলের অন্যতম সদস্য হিমু বাছাড় বলেন, ‘আমরা এশিয়া কাপে সফল হয়েছি এবার আশা করছি বিশ্বকাপেও সেটার ধারাবাহিকতা বজায় রাখব।’
এশিয়া কাপ আরচ্যারিতে স্বর্ণজয়ী তিন আরচ্যার হিমু বাছাড়, ঐশ্বর্য্য রহমান ও নেওয়াজ আহমেদ রাকিবকে ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার সভাপতি কাজী রাজীবউদ্দিন আহমেদ চপল ৪০০ ডলার করে পুরস্কৃত করেছেন। এটি পূর্ব ঘোষিত থাকলেও তিন কোচিং স্টাফকেও ২০০ ডলার করে দিয়েছেন। রাজীব উদ্দিন চপল তার প্রতিশ্রুতি রক্ষা করলেও ফেডারেশন পদক জয়ীদের এখনো অর্থ দিতে পারেনি। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা এশিয়ান চ্যাম্পিয়নশিপে তিন পদকজয়ীকে ১০ লাখ টাকা করে দেয়ার প্রতিশ্রুতিও ফেডারেশন আদায় করতে পারেনি। এ নিয়ে ফেডারেশনের সভাপতি মোখলেসুর রহমান বলেন, ‘এই বিষয়ে বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি এই বিষয়টি দেখছেন। আমাদের প্রতিশ্রুত অর্থ এই মাসের মধ্যে অনুষ্ঠান করে দেব এবং সেখানে কোচদেরও সম্মানিত করা হবে।’
দেশের অন্যতম সফল খেলা আরচ্যারি। সর্বশেষ দুই অলিম্পিকে সরাসরি খেলেছেন আরচ্যাররা। সেই আরচ্যারি সম্প্রতি ফেডারেশনে কর্মকর্তাদের অর্ন্তদ্বন্দ্বে সংবাদের শিরোনাম হয়েছিল। পরবর্তীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। আজকের সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গ উঠলে সভাপতি বলেন, ‘এটা অলরেডি সেটেল। একটা মিসকমিউনিকেশন হয়েছিল।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
