নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলাদেশ দল। এবারের মিশন টি-টোয়েন্টি ফরম্যাটে। সিরিজ শুরুর আগে কিউই শিবিরে যোগ দিয়েছেন অভিজ্ঞ লেগ স্পিনার ইশ সোধি। শুক্রবার চট্টগ্রামে সংবাদ সম্মেলনে এসে রিশাদ হোসেনের প্রশংসা করেছেন তিনি।
রিশাদ হোসেনকে একজন মেধাবী ও বৈচিত্র্যময় লেগ স্পিনার হিসেবে আখ্যা দিয়ে সোধি বলেন, ‘রিশাদের সঙ্গে আমার কয়েকবার কথা হয়েছে। সে খুব মেধাবী বোলার এবং দিনদিন উন্নতি করছে। আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ওর শুরুটা দারুণ হয়েছে।’
রিশাদের বোলিং বৈশিষ্ট্য নিয়ে সোধি আরও যোগ করেন, ‘সাধারণত এশিয়ান লেগ স্পিনাররা লো এবং স্কিডি হয়, কিন্তু রিশাদ ঐতিহ্যবাহী লেগ স্পিনারদের মতো বাউন্স আদায় করে নিতে পারে। এ অঞ্চলে এমন বোলার অনেক দিন দেখা যায়নি। ওর ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল।’
২০১৩ সালে প্রথম বাংলাদেশ সফরের স্মৃতি রোমন্থন করে সোধি জানান, বর্তমান দলটি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তিনি বলেন, ‘২০১৩ সালে যখন এসেছিলাম, তখন পুরো ভিন্ন দল ছিল। এখনকার দলের অনেকেই তখন ছিল না। বাংলাদেশ এখন নিজেদের কন্ডিশনে অনেক বেশি চ্যালেঞ্জিং। অনেকে নতুন হলেও তারা আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করছে। আমরা এই নতুন চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি।’
ওয়ানডে সিরিজে মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানার বোলিং কিউইদের বেশ ভুগিয়েছে। সেই প্রসঙ্গে সোধি বলেন, ‘মুস্তাফিজ ও নাহিদ ভিন্ন ধরনের চ্যালেঞ্জ তৈরি করে। মুস্তাফিজের বিপক্ষে আগে খেলার অভিজ্ঞতা থাকায় কৌশল সাজানো সহজ, কিন্তু নতুন পেস অ্যাটাকের বিপক্ষে খেলাটা সবসময়ই ট্রিকি। এটা আমাদের জন্য একেবারেই নতুন এক অভিজ্ঞতা হতে যাচ্ছে।’
আগামী সোমবার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচ টি–টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৯ এপ্রিল চট্টগ্রামেই দ্বিতীয় ম্যাচ এবং ২ মে ঢাকায় হবে তৃতীয় ম্যাচ। এর আগে ওয়ানডে সিরিজ ২–১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
