বাংলাদেশ সফরের আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য জাতীয় পুরুষ ক্রিকেট দলের ম্যানেজারের দায়িত্ব থেকে নাভিদ আকরাম চিমাকে সরিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। খবর জিও সুপারের।
চিমা এর আগে একাধিকবার পাকিস্তান দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি গত বছরের এশিয়া কাপে দলের ম্যানেজার ছিলেন। ওই টুর্নামেন্টে ভারতীয় দলের খেলোয়াড়রা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল।
বাংলাদেশ সফরে চিমা পাকিস্তান দলের সঙ্গে আসছেন না। তার পরিবর্তে দলের নতুন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন ইরতাজা কুমাইল। তিনি ১৮তম গ্রেডের একজন পুলিশ কর্মকর্তা। দুই বছর আগে পিসিবিতে যোগ দেয়ার পর তিনি জাতীয় দলের নিরাপত্তা ব্যবস্থাপক হিসেবেও কাজ করেছেন।
কুমাইলকে দলীয় ম্যানেজার হিসেবে নিয়োগ দেয়ার পর নিরাপত্তা কর্মকর্তা হিসেবে প্রথমবারের মতো দলের সঙ্গে সফরে যাচ্ছেন সালমান লিয়াকত। পিসিবি আরও জানিয়েছে, দলের বিদেশি কোচিং স্টাফ সরাসরি ঢাকাতে দলের সঙ্গে যোগ দেবেন। জাতীয় দলের ৮ মার্চ ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
বাংলাদেশ সফরে রওনা হওয়ার আগে পাকিস্তান দল দুই দিনের একটি অনুশীলন ক্যাম্পে অংশ নেবে। গত বছরের নভেম্বরে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের পর প্রথম ওয়ানডে সিরিজ খেলবে তারা।
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি:
৮ মার্চ: পাকিস্তান দলের ঢাকা আগমন
১০ মার্চ: অনুশীলন সেশন
১১ মার্চ: প্রথম ওয়ানডে – শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা
১৩ মার্চ: দ্বিতীয় ওয়ানডে – শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা
১৫ মার্চ: তৃতীয় ওয়ানডে – শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
