সব অনিশ্চয়তা দূর করে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান দল। রোববার (৮ মার্চ) ভোর সাড়ে ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ‘মেন ইন গ্রিন’। এরপর সেহরি সম্পন্ন করে বিমানবন্দর ত্যাগ করেন ক্রিকেটাররা। সেখান থেকে সরাসরি টিম হোটেলে চলে যান তারা।
আজ বিশ্রাম শেষে কাল থেকে অনুশীলন শুরু করবে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন তরুণ দল। এরপর ১১, ১৩ ও ১৫ মার্চ তিন ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।
দেশ ছাড়ার আগে হোম ভেন্যুতে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তিনি বলেন, বাংলাদেশ হোম ভেন্যুতে কঠিন প্রতিপক্ষ। সবসময়ই তাদের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং। তারা কন্ডিশন থেকেও সাহায্য পায়। তবে আমাদের যে কয়েকজন সিনিয়র ক্রিকেটার রয়েছে, তাদের সেখানে ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। যা সিরিজে কাজে দেবে। জুনিয়ররাও তাদের কাছ থেকে শিখতে পারবে।
এর আগে শনিবার (৭ মার্চ) ঢাকায় পা রাখেন কোচ মাইক হেসনসহ কোচিং স্টাফের পাঁচ সদস্য। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৯ তারিখ বাংলাদেশে আসার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের চলমান সংকট অনিশ্চয়তায় ফেলে দেয় সিরিজটির ভাগ্য।
তবে সব শঙ্কা দূরে ঠেলে পূর্বনির্ধারিত সূচি পরিবর্তন করে একদিন আগেই বাংলাদেশে আসে পাকিস্তান দল।
পাকিস্তান স্কোয়াড
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাআজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মদ গাজি ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আঘা ও শামিল হুসাইন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
