জাতীয় দলে সাকিব আল হাসানের প্রত্যাবর্তন নিয়ে আবারও জোর আলোচনা শুরু হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে বিষয়টি নিয়ে ক্রিকেট অঙ্গনে তুমুল গুঞ্জন চলছে। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর সেই আলোচনা নতুন মাত্রা পেয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই সাকিবের বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছিলেন। ফলে তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে আশাবাদ তৈরি হয়েছে নতুন করে।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বোর্ড পরিচালক আসিফ আকবর। শুক্রবার এক টক শোতে তিনি বলেন, ‘সাকিবের সঙ্গে আমার নিয়মিত কথা হয়।
সবশেষ যখন আমি আমেরিকায় গিয়েছিলাম সেখানেও কথা হয়েছে। সাকিব বলেছে সে খেলতে চায়। এরপর বোর্ড পরিচালকদের সবার সম্মতিক্রমে আমরা সাকিবকে বাংলাদেশ দলে চেয়েছি।’
সাকিবের বিরুদ্ধে থাকা পুরোনো মামলা ও আইনি জটিলতা নিয়েও কথা বলেন আসিফ।
তার ভাষ্য, সাকিবের আইনজীবীরা বিসিবির সঙ্গে যোগাযোগ করেছেন, ‘সাকিবের ওপর যেসব মামলা রয়েছে, তার একটা ফাইল হয়েছে। সেগুলো নিয়ে তার আইনজীবী যোগাযোগ করেছে বিসিবির সঙ্গে। খুব দ্রুততম সময়ের মধ্যে আশা করি রবি-সোমবারের মধ্যে চেষ্টা করব মন্ত্রণালয়ে সাকিবের কেসের ফাইলগুলো পাঠিয়ে দেওয়ার। তারপরে দায়িত্ব সরকারের।’
একই অনুষ্ঠানে বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘সাকিব ক্রিকেটার কি না এটা নতুন করে বলার কিছু নেই।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলোতে খেলছে সে, সেখানে কিছু কিছু পারফরম্যান্স অত্যন্ত চমৎকার। আমার মনে হয় যদি ফিটনেস লেভেলটা মোটামুটি থাকে (খেলতে পারবে), সে ভালো প্লেয়ার….বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড।’
এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দায়িত্ব নেওয়ার পর জানিয়েছিলেন, সাকিব ও মাশরাফির বিষয়টি রাষ্ট্রীয়ভাবে বিবেচনা করা হবে। তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির মাধ্যমে জাতীয় দলে ফেরার পথ সুগম করার আশাবাদ ব্যক্ত করেন তিনি, ‘সাকিব-মাশরাফির বিষয়টি রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা এই ব্যাপারে নমনীয় থাকব। তাদের যে মামলা আছে, সেসব নিয়ে রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা চাই সাকিব ফিরে আসুক। যেহেতু তাদের বিরুদ্ধে মামলা রয়েছে, রাষ্ট্রীয়ভাবে সেটা দ্রুত সমাধানের মাধ্যমে যাতে সে ফিরে আসে। আমরাও চাই, বাংলাদেশের ক্রিকেটে সাকিব-মাশরাফি ফিরে আসুক।’
সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে সাকিব ২৮ ফেব্রুয়ারির মধ্যে দেশে পৌঁছাতে পারেন এবং পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে অংশ নিতে পারেন। গুঞ্জন থাকলেও এখনো তার প্রত্যাবর্তনের নির্দিষ্ট সময়সূচি চূড়ান্ত হয়নি। তবে বোর্ড ও সংশ্লিষ্ট মহলের তৎপরতায় বিষয়টি নতুন করে গতি পেয়েছে।
বিসিবির পরিচালক আসিফ আকবর বলেন, ‘সাকিব যেহেতু বাংলাদেশের হয়ে এত সার্ভিস দিয়েছে। তাই আমাদেরও উচিত তাকে একটা উজ্জ্বল অবসর দেওয়া। সেই পরিপ্রেক্ষিতে আমরা বোর্ড মিটিংয়ে সবার সঙ্গে কথা বলেছি। সর্বসম্মতিক্রমে আমরা খেলোয়াড় সাকিবকে বাংলাদেশ দলে চেয়েছি।”
আসিফ আরও যোগ করে বলেন, ‘একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলার ইচ্ছা সে প্রকাশ করেছে। সেই সিরিজ যদি পাকিস্তান সিরিজ হয়, তাহলে আমাদের দায়িত্ব থেকে আমরা একটু দায়মুক্ত হতে পারি।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
