বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চলতি আসরের প্রথম রাউন্ড শেষ হয়েছে ইস্ট জোনের দাপুটে পারফরম্যান্সে। সিলেটে সেন্ট্রাল জোনকে ইনিংস ও ৫৩ রানে হারিয়ে বড় জয় তুলে নেয় তারা।
এই জয়ের নায়ক হয়ে ওঠেন ব্যাটার অমিত হাসান, যিনি খেলেন দৃষ্টিনন্দন ১৬২ রানের ইনিংস।
ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপে নিজের পারফরম্যান্সের চেয়ে দলীয় সাফল্যকেই বড় করে দেখেন অমিত।
তিনি বলেন, ‘আমরা ইনিংস ব্যবধানে জিতেছি এটাই আমাদের কাছে মুখ্য বিষয়। দলের প্রয়োজনে কন্ট্রিবিউশন করতে পারছি সেটাই আমার কাছে মূল বিষয়।
অবশ্যই প্রত্যেকটা ব্যাটসম্যানেরই ইচ্ছা থাকে ডাবল হান্ড্রেড করার। তো আমারও ঐরকম একটা ইচ্ছা ছিল।’
নিজের ইনিংস গড়ার পথে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের সঙ্গে জুটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই ডানহাতি। তিনি বলেন, ‘সত্যি কথা বলতে আমার তখন খেলাটা খুব সহজ মনে হয়েছে কারণ উনার (মুশফিক) মতো এত অভিজ্ঞ ব্যাটসম্যান। উনার সাথে উইকেটে অনেকক্ষণ ব্যাটিং করছি তো সেটা আমার কাছে অনেক কিছু শেখার ছিল সেখান থেকে।’
তিনি আরও যোগ করেন, ‘তখন (মুশফিক) ভাই বলছিল রিজিকের মালিক আল্লাহ, তো তুই তোর মতো খেলতে থাক আল্লাহ চাইলে অবশ্যই হবে।’
এই ম্যাচে কনকাশন বদলি হিসেবে সুযোগ পান অমিত, যিনি মাঠে নেমেই নিজের সামর্থ্যের প্রমাণ দেন। বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘এটা লাকি না। জাকের আলী অনিক ভাই উনি হয়তোবা মাথায় ব্যথা পেয়েছে তো সেজন্য কনকাশনে আমাকে নামানো হয়েছে। আমি সবসময় নিজেকে প্রিপেয়ার্ড রাখি যদি সুযোগ আসে ভালো খেলার চেষ্টা করি।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
