ঢাকাTuesday , 14 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

অপরাজিত থেকেই ফেডারেশন কাপের নকআউটে ব্রাদার্স ইউনিয়ন

BDKL DESK
April 14, 2026 8:44 pm
Link Copied!

যানজটের কারণে দুই দলই নির্ধারিত সময়ে মাঠে পৌঁছাতে পারেনি, ফলে ম্যাচ শুরু হয় প্রায় ৪৫ মিনিট দেরিতে। খেলার শুরু থেকে ফকিরেরপুল ইয়ংমেন্সের রক্ষণভাগে চাপ তৈরি করলেও ব্রাদার্স ইউনিয়নের আক্রমণে তেমন ধার দেখা যায়নি। দ্বিতীয়ার্ধে এসে ম্যাচের গতিপথ বদলে দেন হায়ান খাট্টাক। দূর থেকে নেওয়া তার দৃষ্টিনন্দন শটে ডেডলক ভাঙে ম্যাচের। সেই একমাত্র গোলই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয়। এই জয়ে অপরাজিত থেকে ফেডারেশন কাপের নকআউটে উঠলো ব্রাদার্স।

মঙ্গলবার (১৪ এপ্রিল) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ১-০ গোলে জিতে নববর্ষের দিনটিৱ রাঙাল ব্রাদার্স। চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়ে নকআউট পর্বে উঠল তারা। তিন ম্যাচে সবগুলো হেরে বর্তমানে টেবিলের তলানিতে আছে ফকিরেরপুল।
৩৬তম মিনিটে বাম প্রান্ত দিয়ে আক্রমণে উঠে শায়েক দোস্ত বক্সে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে কাছাকাছি পোস্টে শট নেন। তবে ফকিরেরপুল ইয়ংমেন্সের গোলরক্ষক সাজু আহমেদ চমৎকারভাবে পা ব্যবহার করে সেই প্রচেষ্টা রুখে দেন।
প্রথমার্ধের শেষভাগে শায়েকের নেওয়া বক্সের ওপর দিক থেকে ফ্রি কিক লক্ষ্যভ্রষ্ট হয়ে বাইরে চলে যায়। যোগ করা সময়ে গোলমুখে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হলে ব্যাকপাস ক্লিয়ার করতে গিয়ে দুর্বল শটে বল প্রতিপক্ষের রাজন হাওলাদারের কাছে পৌঁছে দেন সাজু। তবে রাজনের নেওয়া শট দ্রুত প্রতিক্রিয়ায় দারুণভাবে ঠেকিয়ে দেন তিনি, নিশ্চিত গোল বাঁচিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে আক্রমণের চাপ আরও বাড়ায় ব্রাদার্স ইউনিয়ন। ৫৯তম মিনিটে বক্সের ভেতর থেকে মোজাম্মেল হোসেনের টোকা-ধাঁচের শটও আটকে দেন ফকিরেরপুলের গোলরক্ষক। কিন্তু ৭০তম মিনিটে আর কোনো রক্ষা ছিল না। প্রায় ৩৫ গজ দূর থেকে হায়ান খাট্টাকের নেওয়া জোরালো শট জালে জড়িয়ে যায়, আর তাতেই এগিয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন।
গ্রুপের আরেক ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় পিডাব্লিউডিকে ২-০ গোলে পরাজিত করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। এই জয়ের ফলে গ্রুপ পর্ব থেকে পরবর্তী ধাপে যাওয়ার সম্ভাবনা টিকিয়ে রেখেছে দলটি।
বর্তমানে তিন ম্যাচ শেষে রহমতগঞ্জ ও আবাহনীর সংগ্রহ সমান ৫ পয়েন্ট করে। আগামী ২৮ এপ্রিল দুই দলই তাদের চতুর্থ ও শেষ ম্যাচে মাঠে নামবে। ওই দিনের ফলাফলের ওপরই নির্ধারণ হবে তাদের গ্রুপ পর্বে অগ্রগতির ভাগ্য।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।