ব্যস্ত আন্তর্জাতিক ক্রিকেট সূচিকে সামনে রেখে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ জাতীয় দলের বিশেষ ফিটনেস ও কন্ডিশনিং ক্যাম্প। মূলত ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-২০ সিরিজকে লক্ষ্য রেখেই ক্রিকেটারদের এই ঝালাই প্রক্রিয়া চলছে। আগামী ১৩ এপ্রিল সাদা বলের এই সিরিজের লড়াইয়ে অংশ নিতে বাংলাদেশে পা রাখবে কিউই বাহিনী।
ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে গত শুক্রবার থেকে মিরপুরে শুরু হওয়া এই ক্যাম্পে অংশ নিয়েছেন ৩৭ জন ক্রিকেটার। আজ রোববার (২৯ মার্চ) সকালে তৃতীয় দিনের মতো কঠোর অনুশীলনে ঘাম ঝরিয়েছেন তারা। হেড কোচ ফিল সিমন্সের সরাসরি তত্ত্বাবধানে এই ক্যাম্প পরিচালিত হচ্ছে। ক্রিকেটারদের ফিটনেস ও কন্ডিশনিংয়ের মূল দায়িত্বে রয়েছেন ট্রেইনার ইফতেখার ইসলাম ইফতি, আর ফিল্ডিং সেশনগুলো পরিচালনা করছেন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট।
ক্যাম্পের প্রাথমিক পর্যায়ে ক্রিকেটারদের স্কিল বা ব্যাটিং-বোলিংয়ের চেয়ে ফিটনেস ও ফিল্ডিংয়ের ওপর বেশি জোর দেয়া হচ্ছে। কড়া রোদে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিচ্ছেন খেলোয়াড়রা। সাদা বলের ফরম্যাটে যারা রয়েছেন, তারা আগামী ১৩ এপ্রিল পর্যন্ত এই ক্যাম্পে থাকবেন। এরপরই তারা নিউজিল্যান্ড সিরিজের মূল স্কোয়াডে যোগ দেবেন।
আগামী ১৭ এপ্রিল থেকে কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ। এরপর ২৭ এপ্রিল থেকে শুরু হবে টি-২০ সিরিজের লড়াই, যার জন্য আলাদা একটি সংক্ষিপ্ত ক্যাম্পও আয়োজিত হবে। অন্যদিকে, যারা শুধুমাত্র টেস্ট ফরম্যাটে খেলেন, তারা ১৬ এপ্রিল পর্যন্ত এই কন্ডিশনিং ক্যাম্পে ব্যস্ত থাকবেন। এরপর তারা ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট ‘বাংলাদেশ ক্রিকেট লিগে’ (বিসিএল) অংশ নেবেন।
বর্তমানে চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার কারণে জাতীয় দলের ছয়জন গুরুত্বপূর্ণ ক্রিকেটার ক্যাম্পে যোগ দিতে পারেননি। তারা হলেন- মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাহিদ রানা এবং তানজিদ হাসান তামিম। পিএসএল মিশন শেষ করেই তারা সরাসরি জাতীয় দলের সাথে যুক্ত হবেন।
এদিকে, মিরপুরে আজ অনুশীলনের সময় চোট পেয়েছেন নাঈম হাসান। ফিল্ডিং ড্রিলের এক পর্যায়ে একটি ক্যাচ তালুবন্দী করতে গিয়ে মাথায় লাগে নাঈমের। সঙ্গে সঙ্গে তাকে এসে পর্যবেক্ষণ করেন ফিজিও। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে। এসময় নাঈমের শারীরিক প্রতিক্রিয়ায় ব্যথা খানিকটা গুরুতর মনে হয়।
তবে নাঈমের চোট সম্পর্কে জানতে বিসিবির ফিজিও দেবাশিষ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে সময় সংবাদকে তিনি জানান, বেশ ভালো অবস্থায় আছেন নাঈম। চোট নিয়ে শঙ্কার কিছু নেই। তিনি আরও বলেন, ‘সাধারণত মাথার চোটের ক্ষেত্রে আমরা ১২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখি। ওকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে। যদি এর মধ্যে খারাপ কিছু মনে হয়, তাহলে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। প্রাথমিক পর্যবেক্ষণে তেমন গুরুতর মনে হচ্ছে না।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
