তিন দফা পেছানোর পর আগামী ৩০ নভেম্বর রাজধানীর একটি পাচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের নিলাম। কয়েক আসর পর ফেরা বিপিএলে নিলামে অংশ নিতে ৫০০ জনের বেশি বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। তবে যাচাই-বাছাই শেষে নিলামের জন্য ২৫০ জন বিদেশি ক্রিকেটারের নাম চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
বুধবার (২৬ নভেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে বিপিএল নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৬ দল নিয়ে হবে এবারের বিপিএল। ষষ্ঠ দল হিসেবে যুক্ত করা হয়েছে নোয়াখালীকে। যাদের নাম হবে নোয়াখালী এক্সপ্রেস।
বিপিএল নিলামের আগে অন্তত একজন সর্বোচ্চ দুজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। নিলাম থেকে অন্তত দুজন বিদেশি ক্রিকেটার কিনতে হবে। ৪ বিদেশি ক্রিকেটারের জন্য মোট ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার খরচ করতে পারবে দলগুলো। নিলাম শেষে অবশ্য নিজেদের ইচ্ছে মতো বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা।
বিপিএল নিলামে ২৫০ জন বিদেশিকে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩৫ হাজার ডলার। এ ছাড়া ‘বি’ ২৬ হাজার ডলার, ‘সি’ ২০ হাজার ডলার, ‘ডি’ ১৫ হাজার ডলার এবং ‘ই’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ১৫ হাজার ডলার। ক্যাটাগরি অনুসারে যথাক্রমে প্রতি ডাকে বাড়বে ৫ হাজার ডলার, ৩ হাজার ডলার, ২ হাজার ডলার, ১ হাজার ৫০০ ডলার এবং ১ হাজার ডলার।
দেশি ক্রিকেটার হিসেবে কতজন নিলামের জন্য নিবন্ধন করেছেন সেটা অবশ্য এখনো জানায়নি বিসিবি। তবে নিলামের আগে সর্বোচ্চ দুজন দেশি ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে নিতে পারবে দলগুলো। যার মধ্যে একজন ‘এ’ ক্যাটাগরির এবং অন্যজন ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটার হতে হবে। নিলাম থেকে অন্তত ১২ এবং সর্বোচ্চ ১৪ জন স্থানীয় ক্রিকেটারকে দলে ভেড়াতে হবে।
স্থানীয় ক্রিকেটারদের মধ্যে ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৫০ লাখ, ‘বি’ ৩৫ লাখ, ‘সি’ ২২ লাখ, ‘ডি’ ১৮ লাখ, ‘ই’ ১৪ লাখ এবং এফ ক্যাটাগরির ১১ লাখ টাকা ধরা হয়েছে।‘এ’ ক্যাটাগরিতে প্রতি ডাকে ৫ লাখ টাকা করে বাড়বে। এ ছাড়া ‘বি’ ৩ লাখ টাকা, ‘সি’ ১ লাখ টাকা, ‘ডি’ ৫০ হাজার টাকা, ‘ই’ ৩০ হাজার টাকা এবং এফ ক্যাটাগরিতে বাড়বে ২০ হাজার টাকা করে।
এবারের নিলামে কোন ক্যাটাগরি থেকে কতজন ক্রিকেটার নেয়া যাবে সেটাও চূড়ান্ত করে দিয়েছে বিসিবি। ‘এ’ ক্যাটাগরি থেকে অন্তত একজন ক্রিকেটার নিতে হবে। পরবর্তীতে যথাক্রমে ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরি থেকে অন্তত তিনজন করে ক্রিকেটার নিতে হবে। ‘ই’ ক্যাটাগরি থেকে অন্তত ২ জন এবং ‘এফ’ ক্যাটাগরি থেকে ইচ্ছে মতো ক্রিকেট নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।
স্থানীয় ক্রিকেটারের জন্য কত টাকা খরচ করতে পারবে দলগুলো, সেটিও জানিয়ে দিয়েছে বিসিবি। লোকাল ক্রিকেটারের জন্য মোট সাড়ে ৪ কোটি টাকা বাজেট পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা। তবে সেই টাকার বাইরে থাকবেন সরাসরি চুক্তিতে দল পাওয়া দুজন দেশি ক্রিকেটার। এছাড়া দলে ম্যানেজার, কোচ, বিশ্লেষকসহ ১২ জন দলীয় কর্মকর্তাকে নিবন্ধন করা যাবে বলেও জানা গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
