ঢাকাTuesday , 24 March 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’

BDKL DESK
March 24, 2026 10:50 pm
Link Copied!

সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল)-এর তৃতীয় আসরে প্রথমবার অংশ নিতে যাচ্ছে ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’ দল। এ নিয়ে এখন ডব্লিউসিএলে সাতটি দেশের প্রতিনিধিত্ব থাকবে। ইতিমধ্যে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা এই লিগে অংশগ্রহণ করছে।

আয়োজকেরা জানিয়েছেন, বাংলাদেশের অন্তর্ভুক্তি ২০২৬ মৌসুমকে আরও প্রতিযোগিতাপূর্ণ এবং আকর্ষণীয় করে তুলবে।

ডব্লিউসিএল অবসরপ্রাপ্ত ক্রিকেট তারকাদের নিয়ে গঠিত একটি বিশ্বখ্যাত লিগ। এর আগের আসরে অংশগ্রহণ করেছিলেন যুবরাজ সিং, এবি ডি ভিলিয়ার্স, ব্রেট লি, মঈন আলি, মোহাম্মদ হাফিজ ও ক্রিস গেইলসহ বিশ্ব ক্রিকেটের বহু কিংবদন্তি। আয়োজকরা লিগটিকে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক দর্শকপ্রিয় ক্রিকেট লিগ হিসেবে বর্ণনা করেছেন।
প্রথম আসরে ৩২ কোটি ৫০ লাখের বেশি দর্শক খেলা দেখেন। দ্বিতীয় আসরে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪২ কোটি ৩১ লাখে, যা লিগের বৈশ্বিক জনপ্রিয়তার দ্রুত বৃদ্ধির প্রমাণ।

ডব্লিউসিএলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হর্ষিত তোমর বলেন, গত দুই বছরে ভক্তদের ধারাবাহিক অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ দলকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে বাংলাদেশ চ্যাম্পিয়নস দলের পক্ষ থেকে জেসিইউ স্পোর্টস লিমিটেডের পরিচালক ইউনুস হাসান বলেন, এটি দেশের ভেতরে ও বাইরে থাকা সমর্থকদের জন্য একটি মাইলফলক মুহূর্ত। ক্রিকেটের সঙ্গে দেশের ভক্তদের সম্পর্ক আরও দৃঢ় হবে।
দলের সহ-স্বত্বাধিকারী ইশতিয়াক সাদেক বলেন, ডব্লিউসিএলে বাংলাদেশ চ্যাম্পিয়নসের অংশ হওয়াটা আমাদের জন্য গর্বের। এই টুর্নামেন্টকে কিংবদন্তি ক্রিকেটারদের বিশ্বকাপ হিসেবে ধরা হয়। আমরা দেশের কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে একটি শক্তিশালী স্কোয়াড গঠন করার আশা করছি।

এখন পর্যন্ত জানা গেছে, জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবং অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ এই দলে খেলার জন্য সম্মতি প্রদান করেছেন।

প্রসঙ্গত, ডব্লিউসিএলের ২০২৫ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস। ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত ফাইনালে তারা পাকিস্তান চ্যাম্পিয়নসকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল, যেখানে দলের নেতৃত্বে ছিলেন এবি ডি ভিলিয়ার্স।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।