বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবল তারকা হামজা চৌধুরী এখন দেশের শীর্ষস্থানীয় ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ‘ফুডি’-এর নতুন মুখ। মঙ্গলবার (৫ মে) রাজধানীর গুলশানে অবস্থিত রেনেসাঁ ঢাকা হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে লেস্টার সিটির এই মিডফিল্ডারকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে ফুডি এক্সপ্রেস লিমিটেড।
স্বল্প সময়ের জন্য ব্যক্তিগত সফরে বাংলাদেশে আসা হামজা চৌধুরী মূলত জাতীয় ফুটবল দলের হয়ে খেলার স্বপ্ন এবং নিজের নাড়ির টানেই বারবার ফিরে আসেন। এবার যুক্ত হলেন দেশের একটি সফল স্টার্টআপের সাথে। চুক্তি স্বাক্ষর শেষে উচ্ছ্বাস প্রকাশ করে হামজা বলেন, “মাঠের লড়াইয়ে আমি যেমন লাল-সবুজ আর নিজের শিকড়কে তুলে ধরার চেষ্টা করি, তেমনি বাংলাদেশের একটি নিজস্ব ব্র্যান্ডের প্রতিনিধি হতে পেরে আমি গর্বিত। ফুডি এদেশের দ্রুততম ডেলিভারি অ্যাপ এবং এই যাত্রার অংশ হতে পেরে আমি আনন্দিত।”
সম্পূর্ণ দেশীয় উদ্যোগে গড়ে ওঠা ফুডি এক্সপ্রেস লিমিটেড মনে করে, হামজা চৌধুরীর অধ্যবসায় এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের পরিচয় বহন করার মানসিকতা তাদের ব্র্যান্ডের মূল দর্শনের সাথে হুবহু মিলে যায়। প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার শাহনেওয়াজ মান্নান বলেন, “হামজা শুধু একজন ক্রীড়াবিদ নন, তিনি আমাদের তারুণ্যের ও গর্বের প্রতীক। আমরা স্থানীয় প্রতিভা এবং উদ্যমকে বিশ্বাস করি। হামজাকে আমাদের পরিবারে স্বাগত জানানোটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফুডির ডিরেক্টর মোহাম্মদ আল ওয়াসি সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই অংশীদারিত্বের আওতায় হামজা চৌধুরী ফুডির বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেবেন। ফুডি কর্তৃপক্ষের আশা, এই বিশ্বমানের ফুটবলারের সম্পৃক্ততা ব্র্যান্ডটিকে দেশের প্রতিটি ঘরে আরও জনপ্রিয় করে তুলবে এবং গ্রাহক সেবায় নতুন গতি সঞ্চার করবে।
ফুডি বর্তমানে বাংলাদেশের বাজারে দ্রুত ডেলিভারি ও সাশ্রয়ী সেবার মাধ্যমে অন্যতম আস্থার নাম হিসেবে পরিচিতি পেয়েছে। হামজা চৌধুরীর এই সম্পৃক্ততা সেই আস্থাকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
