ঢাকাSaturday , 25 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

দরিয়েলতনের গোলে বসুন্ধরা কিংসের স্বস্তির জয়

BDKL DESK
April 25, 2026 7:09 pm
Link Copied!

ব্রাদার্স ইউনিয়নের গোলরক্ষক ইসহাক যেন নিজেদের পোস্টের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। তবে সেই মজবুত দেয়াল টপকে বসুন্ধরা কিংসকে স্বস্তির জয় এনে দিয়েছেন দরিয়েলতন।
ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের একমাত্র গোলেই ব্রাদার্সকে ১-০ ব্যবধানে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও পাকাপোক্ত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

নিজেদের মাঠ কিংস অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই ব্রাদার্সের রক্ষণে রীতিমতো ঝড় তোলে কিংসের আক্রমণভাগ।
নবম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল তাদের; তবে দরিয়েলতন ও ফাহিমের পা ঘুরে আসা বলে সাব্বিরের হেড ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ১৭ মিনিটে ফাহিমের একটি বুলেট গতির শট দারুণ দক্ষতায় রুখে দেন ব্রাদার্স কিপার ইসহাক।

টানা আক্রমণের ফল কিংস ঘরে তোলে ম্যাচের ২২তম মিনিটে। ব্রাদার্সের ইয়াসিন সিফাতের এক ভুল পাসের চরম খেসারত দিতে হয় দলটিকে।
বক্সের কাছাকাছি বল পেয়ে যান সাদ, তার বুদ্ধিদীপ্ত কাটব্যাক থেকে নিখুঁত প্লেসিং শটে জালের ঠিকানা খুঁজে নেন দরিয়েলতন।

পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করে ব্রাদার্সও। ২৮ মিনিটে কিংসের গোলরক্ষক জিকো বক্সের বাইরে হাত দিয়ে বল ধরলে বিপজ্জনক জায়গা থেকে ফ্রি-কিক পায় তারা। অধিনায়ক জামালের নেওয়া সেই দুর্দান্ত ফ্রি-কিক কর্নারের বিনিময়ে রক্ষা করেন জিকো।

প্রথমার্ধের বিরতির ঠিক আগে ৪১ মিনিটে জামালের আরেকটি আড়াআড়ি শট সাইড নেটে জড়ালে হতাশা বাড়ে ব্রাদার্স শিবিরে। এর আগে ম্যাচের ১২ মিনিটে ব্রাদার্সের আলমগীর গাজীকে ফাউল করে রেফারি পকেট থেকে হলুদ কার্ড দেখতে হয় কিংসের সোহেল রানাকে (সিনিয়র)।

দ্বিতীয়ার্ধের গল্পটা ছিল মূলত কিংসের আক্রমণ বনাম ব্রাদার্স গোলরক্ষক ইসহাকের সেভের লড়াই। ৫৪ মিনিটে সোহেল রানা জুনিয়রের বাড়ানো থ্রু থেকে ফাহিমের শট ঠেকিয়ে দেন ইসহাক। ফিরতি বলে দরিয়েলতনের চেষ্টাও ব্লক করেন দিয়েরা।

৭১ মিনিটে সাদের কাটব্যাক থেকে দোরিয়েলতনের হেড ফিস্ট করে কর্নার বানান এই অতিমানবীয় গোলরক্ষক। এর মাঝে ৬৫ মিনিটে ফাহিম ফাঁকা জালে বল জড়াতে ব্যর্থ হলে ব্যবধান আর বাড়েনি। শেষ পর্যন্ত দোরিয়েলতনের ওই এক গোলের লিডেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কিংস।

এই জয়ে ১৪ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট নিয়ে ফুটবল লিগের পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানটি নিজেদের দখলেই রাখল বসুন্ধরা কিংস। ২৮ পয়েন্ট নিয়ে ঠিক তাদের পেছনেই অবস্থান করছে আবাহনী।

এদিকে, দিনের অপর এক ম্যাচে দাপুটে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তারা ৩-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পিডব্লিউডি এসসিকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।