২০২২ ও ২০২৪ সালে টানা দুবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এবার তাদের সামনে হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি।
আসন্ন এই সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ। আর এই প্রস্তুতির মাঝেই দলের শক্তি বাড়াতে আগামীকাল রোববার বাংলাদেশে আসছেন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী।
জাতীয় দলে আনিকার পুনরায় ডাক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের চেয়ারপারসন মাহফুজ আক্তার কিরণ। তিনি জানান, আগামীকাল দেশে পা রেখেই দলের সঙ্গে যোগ দিতে সরাসরি চট্টগ্রামে চলে যাবেন এই প্রবাসী ফুটবলার।
সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য বর্তমানে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে ১০ দিনের নিবিড় অনুশীলন করছে বাংলাদেশ দল। প্রধান কোচ পিটার বাটলারের অধীনে আফঈদা-আলপিদের নিয়ে গত শুক্রবার এই ক্যাম্প শুরু হয়েছে।
বাফুফের ক্যাম্পে বর্তমানে ৫০ জনের বেশি ফুটবলার থাকলেও, চট্টগ্রামে শুধু সিনিয়র ফুটবলারদের নিয়েই গেছেন কোচ বাটলার। সেখানে তার সঙ্গে কোচিং স্টাফ হিসেবে কাজ করছেন অস্ট্রেলিয়ান কন্ডিশনিং কোচ লর্ড ম্যাকরন এবং গোলরক্ষক কোচ মাসুদ হাসান উজ্জ্বল। অন্যদিকে, ঢাকায় অনূর্ধ্ব-২০ নারী ফুটবলারদের নিয়ে আলাদাভাবে অনুশীলন করাচ্ছেন মাহবুবুর রহমান লিটু।
চট্টগ্রামের এই ক্যাম্প শেষে ঢাকায় ফিরে বিদেশেও একটি কন্ডিশনিং ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে বাফুফের। ফেডারেশনের একজন সহ-সভাপতি সম্প্রতি জানিয়েছেন, থাইল্যান্ড অথবা চীনে এক সপ্তাহের একটি ক্যাম্প হতে পারে। পাশাপাশি ভারতে অনুষ্ঠিতব্য সাফের জন্য আগেভাগেই খেলোয়াড়দের ভিসার কাজ এগিয়ে রাখছে বাফুফে।
আগামী ২৫ মে থেকে ভারতের গোয়ায় পর্দা উঠবে এবারের নারী সাফ চ্যাম্পিয়নশিপের। পাকিস্তান অংশ না নেওয়ায় এবারের আসরে ছয়টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। ‘এ’ গ্রুপে রয়েছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। আর ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের সঙ্গী স্বাগতিক ভারত এবং মালদ্বীপ।
টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী, গ্রুপ পর্বে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল জায়গা করে নেবে সেমিফাইনালে। আগামী ২৮ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের হ্যাটট্রিক শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ৩১ মে গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। দুটি সেমিফাইনালই অনুষ্ঠিত হবে ৩ জুন। আর শিরোপার মহারণ বা ফাইনাল ম্যাচটি মাঠে গড়াবে ৬ জুন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
