বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়ম এবং ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ তদন্ত করে কার্যনির্বাহী পরিষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এই কমিটি ভেঙে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের বিসিবি অ্যাডহক কমিটি ঘোষণা করেছে এনএসসি। বিসিবির আগামী নির্বাচনের আগ পর্যন্ত ৩ মাস দায়িত্ব পালন করবে এই কমিটি।অ্যাডহক কমিটিতে তামিম ইকবাল ছাড়াও আছেন আরও দুই সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান। জাতীয় দলের সাবেক ক্রিকেটার নান্নু দীর্ঘদিন কাজ করেছেন প্রধান নির্বাচক হিসেবে। সেই কাজ শেষেও বিসিবিতে যুক্ত ছিলেন ভিন্ন ভূমিকায়। অন্যদিকে আতহার আলী খান খেলোয়াড়ি জীবন শেষে বনে গেছেন খ্যাতনামা ধারাভাষ্যকার।
কমিটির অন্য সদস্যদের মধ্যে ৪ জন সরাসরি বিএনপি বা তাদের জোটে যুক্ত নেতাদের স্ত্রী বা পুত্র। ব্যারিস্টার রাশনা ইমাম বর্তমান সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী।
মির্জা ইয়াসির আব্বাস, সাঈদ ইব্রাহিম আহমদ ও ইসরাফিল খসরু যথাক্রমে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদের ছেলে।
কমিটিতে আরও আছেন বিভিন্ন সময়ে বিসিবির পরিচালনা পর্ষদে থাকা তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা। এদের মধ্যে তানজিল চৌধুরী প্রাইম ব্যাংকের চেয়ারম্যান, সালমান ইস্পাহানি ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান, রফিকুল ইসলাম ইন্দিরা রোড ক্রীড়াচক্রের কর্মকর্তা ও ফাহিম সিনহা একমি ল্যাবরেটরিজের পরিচালক। ফাহিম সিনহা সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান এবং পরে ফারুক আহমেদ ও আমিনুল ইসলামের বোর্ডেও ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
