বিসিবিতে গত ১৬ বছরে নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানিয়েছেন, ২০০৮ সালের পর থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দেওয়া নিয়োগগুলো খতিয়ে দেখতে শিগগিরই একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
রোববার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মোশাররফ হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
আমিনুল হক বলেন, ‘২০০৮ সাল থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়োগের যে অভিযোগ রয়েছে, তা যাচাই করতে শিগগিরই একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
’
তিনি অভিযোগ করেন, দলীয় বিবেচনায় অনেককে নিয়োগ দেওয়া হয়েছিল। তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টদের চিহ্নিত করে জনসমক্ষে তুলে ধরা হবে বলেও জানান তিনি।
আমিনুল হক বলেন, ‘আপনারা জেনে অবাক হবেন, অতীতে বিসিবির আর্থিক ও মানবসম্পদ ব্যবহার করে একটি গোষ্ঠীকে জনগণের ভোটাধিকার থেকে বঞ্চিত করার কাজে সহায়তা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।’
তিনি আরও বলেন, তদন্তে দোষী প্রমাণিত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন জানতে চান, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে বিসিবির সম্পদের অপব্যবহারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে কি না। তিনি অভিযোগ করেন, আগের সরকার আমলে নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ও অযোগ্য ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হয়েছিল।
জবাবে প্রতিমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকার আমলে ক্রিকেটসহ ক্রীড়া খাত ব্যাপকভাবে রাজনীতিকরণের শিকার হয়েছিল, যার ফলে ক্রীড়াঙ্গনে স্থবিরতা তৈরি হয়। বর্তমান সরকার প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্রীড়া খাতকে রাজনীতিমুক্ত করতে কাজ করছে।
এছাড়া বিসিবির কিছু কর্মকর্তার ব্যক্তিগত সম্পদ নিয়ে ওঠা প্রশ্নের বিষয়টিও সরকারের নজরে এসেছে বলে জানান তিনি। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালকের কাছে চলমান তদন্তের তথ্য চাওয়া হবে, যাতে বিষয়টি স্বচ্ছভাবে জনসমক্ষে তুলে ধরা যায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
