জাতীয় দলের আগেই দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ ‘এ’ দল। আগামী আগস্ট-সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে তারা।
বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক শাহরিয়ার নাফিসের কাছে ‘এ’ দলের সফর সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, “২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ‘এ’ দল সফর করবে। এক বছর আগে কিছু ক্রিকেটারকে কন্ডিশন সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বকাপের জন্য তারা যাতে ভালোভাবে প্রস্তুতি নিতে পারে। আমরা এ বছর দক্ষিণ আফ্রিকা যাব, তারা পরের বছর বাংলাদেশে আসবে।’
কয়েক বছর ধরেই জাতীয় দলের আগে ‘এ’ দল বিভিন্ন দেশ সফর করছে। ২০২৪ সালে পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের আগে ‘এ’ দল শাহিনসের বিপক্ষে চার দিনের ম্যাচ খেলেছে। মুশফিকুর রহিম, মুমিনুর হকরা ওখানে খেলে কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছিলেন।
এ বছর জাতীয় দলের অস্ট্রেলিয়া সফর থাকায় গত দুই বছর ডারউইনে টি২০ টুর্নামেন্টের পাশাপাশি চার দিনের ম্যাচের সিরিজ খেলার সুযোগ পেয়েছেন আফিফ হোসেনরা। এইচপি ও ‘এ’ দলের সফর ছিল সেটি। আগামী নভেম্বর-ডিসেম্বরে জাতীয় দল দক্ষিণ আফ্রিকা খেলতে যাবে। দ্বিপক্ষীয় সিরিজ ও বিশ্বকাপ দুটোতেই কাজে দেবে ‘এ’ দলের খেলা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
