সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারেনি বাংলাদেশ। নিরাপত্তাজনিত কারণে দলটি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়। এই হতাশা কাটিয়ে উঠতে গত দুই সপ্তাহ ধরে দল প্রস্তুতি নিয়েছে বিসিএলের একদিনের সংস্করণ খেলে। দলের প্রধান কোচ ফিল সিমন্স জানালেন এমনটাই।
সিমন্স বলেন, ‘ওটা (বিশ্বকাপে খেলতে না পারা) ছেলেদের জন্য খুব কষ্টের ছিল। তবে মনে হচ্ছে আমরা ধীরে ধীরে সেই হতাশা কাটিয়ে উঠছি। বিসিএল খেলাটা আমাদের আবার ৫০ ওভারের ক্রিকেটে মনোযোগ ফিরিয়ে আনতে সাহায্য করেছে।’
আগামী ১১ মার্চ থেকে ঢাকার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ–পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজ সামনে রেখে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স বলেছেন, ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের সমীকরণ নিয়ে দল এখন উদ্বিগ্ন নয়। তাদের মূল লক্ষ্য হলো ওয়ানডে ক্রিকেটে দলের সামগ্রিক মান উন্নত করা।
বর্তমান আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ রয়েছে ১০ নম্বরে, তাদের রেটিং পয়েন্ট ৭৪। বাংলাদেশের ঠিক ওপরে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৭৭। ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে পারলেই ১৪ দলের বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে দলগুলো। এদিকে সহ–আয়োজক হওয়ায় জিম্বাবুয়ে ইতোমধ্যে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। ফলে বাস্তবে সরাসরি বিশ্বকাপে যেতে হলে বাংলাদেশকে অন্তত নবম স্থানে উঠতে হবে।
সিরিজের আগে সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো ওয়ানডে ক্রিকেটে দলের মান উন্নত করা। শুধু বিশ্বকাপে সরাসরি যোগ্যতা পাওয়ার অঙ্ক নিয়ে ব্যস্ত থাকলে চলবে না।
তিনি আরও বলেন, ‘একসময় বাংলাদেশের দলে যে অভিজ্ঞতা ছিল, বর্তমান দলে তা তুলনামূলক কম। তবে বর্তমান দল যেন নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দিতে পারে, সেটিই এখন প্রধান লক্ষ্য।’
সিমন্সের ভাষায়, ‘আমরা এখন যে কাজগুলো করছি, সেগুলোই আমাদের র্যাঙ্কিংয়ে উপরে উঠতে সাহায্য করবে। লক্ষ্য শুধু শীর্ষ আটে থাকা নয়, ধারাবাহিকভাবে আরও ভালো ক্রিকেট খেলা।’
বাংলাদেশের ওয়ানডে ব্যাটিংয়ের মিডল ওভার দীর্ঘদিন ধরেই দুর্বলতা। তাই পাকিস্তান সিরিজের আগে এই অংশে ব্যাটিং শক্তিশালী করার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই লক্ষ্যেই দলে ফিরেছেন লিটন দাস এবং আফিফ হোসাইন।
সিমন্স বলেন, ‘মিডল ওভারে আমরা যতটা ভালো করতে চাই, ততটা পারিনি। তাই এই সময়ে কত রান, কত সিঙ্গেল এবং কত বাউন্ডারি পাওয়া যায়; সেটির ওপর বেশি জোর দিচ্ছি।’
সিরিজে লিটন দাসকে ওপেনিংয়ের বদলে মিডল অর্ডারে খেলানোর পরিকল্পনার কথাও জানান সিমন্স। তার মতে, ‘৫০ ওভার উইকেটকিপিং করার পর ওপেন করতে নামা খুব কঠিন। লিটন স্পিনের বিপক্ষে আমাদের অন্যতম সেরা ব্যাটার, তাই তাকে মিডল ওভারে ব্যবহার করা দলকে সাহায্য করবে।’
সিরিজ সূচি
বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
প্রথম ওয়ানডে: ১১ মার্চ
দ্বিতীয় ওয়ানডে: ১৩ মার্চ
তৃতীয় ওয়ানডে: ১৫ মার্চ
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
