ঢাকাWednesday , 4 February 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

দেশের ভবিষ্যত ক্রিকেট কাঠামো নিয়ে বিসিবির সভা

BDKL DESK
February 4, 2026 7:21 pm
Link Copied!

দেশের ভবিষ্যত ক্রিকেট কাঠামো নিয়ে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আলোচনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সভায় তৃণমূলের উন্নয়ন, বয়সভিত্তিক ক্রিকেট এবং দীর্ঘমেয়াদি কোচিং ও খেলোয়াড় বিকাশের ওপর জোর দেয়া হয়। এক বিবৃতিতে এই সভার বিষয়ে জানিয়েছে বিসিবি।

বিবৃতিতে বিসিবি জানায়, তৃণমূল ও বয়সভিত্তিক ক্রিকেটের বর্তমান কাঠামো পর্যালোচনা করা হয়েছে এই সভায়। এই দুই ধরনের ক্রিকেটের কার্যকারিতা মূল্যায়নের পাশাপাশি উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত করা হয়। বিশেষ করে বয়সভিত্তিক ক্রিকেটের সিলেকশন প্রক্রিয়া পুনর্বিবেচনা এবং বয়স যাচাই পদ্ধতি পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেয়া হয়, যাতে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা যায়।

আলোচনায় উঠে আসে কোচদের জন্য প্রণোদনা ব্যবস্থা চালু করার প্রস্তাব। যারা নিজ নিজ ক্ষেত্রে সফলভাবে খেলোয়াড় বিকশিত করতে পারবেন, তাদের জন্য এই প্রণোদনা চালু করার কথা আলোচনা করা হয়। এছাড়া দেশজুড়ে ঘরোয়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব খেলোয়াড়ের একটি বিস্তৃত ডাটাবেস তৈরির গুরুত্ব তুলে ধরা হয়, যা দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও পারফরম্যান্স ট্র্যাকিংয়ে সহায়ক হবে। বিভাগীয় ও জেলা পর্যায়ের কোচদের বেতন কাঠামো নিয়েও আলোচনা করা হয়। কোচদের পেশাগত উন্নয়ন ও অগ্রগতির জন্য সুস্পষ্ট ও কাঠামোবদ্ধ ক্যারিয়ারের পথ নির্ধারণের প্রয়োজনীয়তাও উল্লেখ করা হয়।

বিসিবি জানিয়েছে, কোচদের প্রশিক্ষণ ও গেম এডুকেশন কারিকুলাম পুনর্বিবেচনা ও হালনাগাদ করতে একটি কারিকুলাম রিভিউ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয় এই সভায়। আরও আলোচিত হয় অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়দের জন্য একটি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি প্রোগ্রাম চালু করার প্রস্তাব, যা সামগ্রিক কাঠামোর অংশ হিসেবে বিবেচিত হবে।

সভায় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, খালেদ মাহমুদ, খান আব্দুর রাজ্জাক, আমজাদ হোসেন, সিইও নিজাম উদ্দিন চৌধুরী, জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু, টুর্নামেন্ট ম্যানেজার আবু এমাম মোহাম্মদ কাওসার, জাতীয় দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, বিসিবি সিনিয়র কোচ মিজানুর রহমান বাবুল ও শহীদ ইসলাম, জাতীয় নির্বাচক হাসিবুল হোসেন, জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, বিসিবি হাই পারফরম্যান্স ইনচার্জ জামাল উদ্দিন বাবু এবং নারী ক্রিকেট ইনচার্জ বুলবুল বাশার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।