ঢাকাWednesday , 4 February 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সাংবাদিকের সঙ্গে পাইলটের উত্তপ্ত বাক্যবিনিময়, কোয়াবের দুঃখ প্রকাশ

BDKL DESK
February 4, 2026 7:19 pm
Link Copied!

বিসিবির গ্রাউন্ডস কমিটির এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয় সাবেক ক্রিকেটার এবং বিসিবির গ্রাউন্ডস কমটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটের। এমন ঘটনায় বুধবার (৪ ফেব্রুয়ারি) দুঃখপ্রকাশ করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, ‘সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে আমাদের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের সঙ্গে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। এ ধরনের ঘটনা দুঃখজনক এবং কোনোভাবেই কাম্য নয়, বিশেষ করে এমন একটি পরিবেশে যেখানে পারস্পরিক শ্রদ্ধা, সংযম ও পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘মতভেদ বা কঠিন প্রশ্ন থাকতেই পারে, তবে তা প্রকাশ ও মোকাবিলার ক্ষেত্রে সংযম, পারস্পরিক শ্রদ্ধা এবং পেশাগত শিষ্টাচার বজায় রাখা সবার দায়িত্ব। আমরা স্পষ্টভাবে বিশ্বাস করি, ক্রিকেটে—কোচ, বোর্ড কর্মকর্তা, সমর্থক এবং ক্রীড়া সাংবাদিকদের মর্যাদা ও সম্মান সমানভাবে গুরুত্বপূর্ণ।’

ভবিষ্যতে এমন ঘটনা না ঘটার প্রত্যাশা রেখে কোয়াব আরও জানায়, ‘আশা করি, সংশ্লিষ্ট সবাই এই ঘটনা থেকে শিক্ষা নেবেন এবং ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটকে ঘিরে আলোচনায় আরও দায়িত্বশীল, সম্মানজনক ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতে সচেষ্ট হবেন। পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার মাধ্যমেই বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যেতে পারে—এটাই আমাদের দৃঢ় বিশ্বাস।’

এর আগে গতকাল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রাউন্ডস কমিটির এক সংবাদ সম্মেলনে অনাকাঙ্ক্ষিত ওই ঘটনাটি ঘটে। সংবাদ সম্মেলনে নির্বিঘ্নে গ্রাউন্ডস কমিটির আগামী কয়েক মাসের পরিকল্পনার কথা জানান পাইলট। তবে বিপত্তির শুরু হয় সংবাদ সম্মেলন শেষে প্রশ্নোত্তর পর্বের সময়।

বিসিবির কার্যালয় এবং স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে সম্প্রতি বেশকিছু বিধিনিষেধ তৈরি করেছে বিসিবি। সংস্থাটির মতে, নিরাপত্তা ইস্যুর কারণে সাংবাদিকদের জন্য প্রবেশের সময় এভাবে বেধে দেয়া হয়েছে। অনুমিতভাবেই সংবাদ সম্মেলনের শেষে এ নিয়ে প্রশ্ন আসে। সাংবাদিকদের প্রবেশে ‘নিরাপত্তা ঝুঁকি’ ঠিক কোথায়, সেটা স্পষ্টভাবে বিসিবি কর্তাদের কাছে জানতে চান সাংবাদিকরা। তবে উপস্থিত দুই বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাক এবং পাইলট কেউই এর সদুত্তর দিতে পারেননি।

এসময় এক সাংবাদিক বিষয়টি জোরালোভাবে উত্থাপন করলে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান পাইলট জানান, সাংবাদিকের প্রশ্ন করার ভঙ্গি ভালো লাগেনি তার, সে কারণে তিনি উত্তর দিতে চান না। ভিউ বাড়ানোর জন্য ওই সাংবাদিক এমন প্রশ্ন করেছেন বলে জানান পাইলট।

পাইলট আরও জানান, সাংবাদিকদের স্টেডিয়ামে ঢুকতে দেয়া কিংবা না দেয়ার বিষয়টি তার সংশ্লিষ্ট বিভাগের বিষয় নয়, তাই এই বিষয়ে তিনি কিছু জানাতে পারছেন না। গ্রাউন্ডস কমিটির নতুন যে প্রজেক্টগুলোর উদ্যোগ নেয়া হয়েছে, সেগুলো সাংবাদিকরা সরেজমিনে দেখতে পারবেন কিনা, এমন প্রশ্ন এলে সেটারও কোনো সদুত্তর দিতে পারেননি সাবেক টাইগার ক্রিকেটার। শুধু তাই নয়, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানকে মাঠ সংক্রান্ত নতুন প্রজেক্টের বাজেট নিয়ে জানতে চাওয়া হলে সেই প্রশ্নও এড়িয়ে যান তিনি।

শেষমেশ ওই এক সাংবাদিকের প্রশ্ন করার ধরণকে অনুপযুক্ত মন্তব্য করে ব্রিফিংস্থল ত্যাগ করেন পাইলট এবং রাজ্জাক। তবে একের পর এক প্রশ্ন এড়িয়ে যাওয়া এবং ‘নিরাপত্তা ইস্যুতে সাংবাদিকদেরকে শঙ্কা’ হিসেবে চিত্রায়িত করার বিষয়টি ভালোভাবে নিতে পারেননি সাংবাদিকরা। সে কারণে সংবাদ সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নেন তারা। সাংবাদিকদের প্রতি বিসিবির এমন আচরণকে অপমানজনক বলেও মন্তব্য করেন অনেকে। এ ঘটনায় বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।