২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিশ্চিত হওয়ায় ক্রিকেট বিশ্বের জন্য নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সম্প্রতি জানিয়েছে, পুরুষ ও নারী উভয় বিভাগে ছয়টি করে দল অংশ নেবে এবং মোট ম্যাচ সংখ্যা হবে ২৮।
প্রতিটি বিভাগে থাকছে পাঁচটি মহাদেশীয় অঞ্চলের শীর্ষ দেশ এবং আয়োজক যুক্তরাষ্ট্র স্বয়ংক্রিয়ভাবে খেলার সুযোগ পাবে। ষষ্ঠ দল নির্ধারিত হবে অলিম্পিক বাছাইপর্বের মাধ্যমে। তবে বাছাইপর্বের ফরম্যাট ও সরাসরি কোয়ালিফিকেশনের তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
র্যাংকিং অনুযায়ী পুরুষদের মধ্যে ভারত (এশিয়া), অস্ট্রেলিয়া (ওশেনিয়া), ইংল্যান্ড (ইউরোপ), দক্ষিণ আফ্রিকা (আফ্রিকা) এবং যুক্তরাষ্ট্র (আমেরিকা ও আয়োজক দেশ) অংশ নেবে। বাকি দলটি বাছাইপর্ব থেকে নির্বাচিত হবে। বাছাইপর্বে নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ অংশ নিতে পারে।
এই পরিস্থিতিতে বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি হওয়ার সম্ভাবনা নির্ভর করছে বাছাইপর্বের ফলাফলের ওপর। যদি এশিয়ার শীর্ষ দল সরাসরি কোয়ালিফাই করে এবং অন্য দল বাছাইপর্বে জয়ী হয়, তাহলে অলিম্পিকে ভারত-পাকিস্তান বা বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি হতে পারে।
আইসিসির প্রধান নির্বাহী সঞ্জয় গুপ্ত বলেন, অলিম্পিকে অন্তর্ভুক্তি ক্রিকেটের জন্য বিশাল পরিবর্তন। এটি সরকারি তহবিলের সুযোগ বাড়াবে, যা উন্নয়ন ও অবকাঠামো বিনিয়োগে সহায়ক হবে। এশিয়ান গেমস, প্যান-আমেরিকান গেমস ও আফ্রিকান গেমসে নিয়মিত ক্রিকেট অন্তর্ভুক্তি খেলাটিকে নতুন অঞ্চলে জনপ্রিয় করবে।
নারীদের ক্রিকেটেও বড় পরিবর্তন এসেছে। ২০২৯ নারী বিশ্বকাপে দল সংখ্যা বেড়ে ১০ হবে। সাম্প্রতিক বিশ্বকাপে লাখের বেশি দর্শক উপস্থিত ছিলেন এবং ভারতীয় টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রায় ৫০ কোটি দর্শক ম্যাচ দেখেছেন।
অলিম্পিকের আয়োজক যুক্তরাষ্ট্র দল হিসেবে নিশ্চিত হলেও, দেশের ক্রিকেট পরিচালনায় অনিশ্চয়তা রয়েছে। আইসিসি ২০২৫ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডকে স্থগিত করেছে। তবে ক্রিকেটারদের অংশগ্রহণে কোনো বাধা নেই।
প্রসঙ্গত, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ১২২ বছর পর ক্রিকেট ফের বিশ্বমঞ্চে ফিরছে। প্রথমবার ক্রিকেট অনুষ্ঠিত হয়েছিল ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
