ঢাকাThursday , 6 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল আহমেদাবাদে, শিগগিরই চূড়ান্ত সূচি

BDKL DESK
November 6, 2025 6:16 pm
Link Copied!

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হতে পারে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট ভেন্যু ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। আগামী কয়েক দিনের মধ্যেই টুর্নামেন্টের চূড়ান্ত সূচি প্রকাশ করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইতোমধ্যে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) খসড়া সূচি জমা দিয়েছে আইসিসির কাছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সম্প্রতি বিসিসিআইয়ের শীর্ষ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এবারের বিশ্বকাপ আয়োজন করা হবে সীমিত সংখ্যক শহরে। প্রতিটি ভেন্যুতে কমপক্ষে ছয়টি করে ম্যাচ রাখা হবে। চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে আহমেদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বাই।

এ ছাড়া শ্রীলঙ্কার তিনটি মাঠেও অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের কিছু ম্যাচ, যদিও সেগুলোর নাম এখনো প্রকাশ করা হয়নি।

যৌথ আয়োজনে (ভারত-শ্রীলঙ্কা) হবে এবারের বিশ্বকাপ। তবে বেঙ্গালুরু ও লখনৌ এই তালিকায় থাকছে কি না তা এখনো অনিশ্চিত। নারী ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু হওয়ায় গৌহাটি, বিশাখাপত্তনম, ইন্দোর ও নবি মুম্বাই এবার বাদ পড়েছে।

দু’দেশের মধ্যকার পূর্বেকার সমঝোতা অনুযায়ী ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে নিরপেক্ষ মাটিতে, কলম্বোতে। বিসিসিআই ইতোমধ্যে বিষয়টি নিশ্চিত করেছে। ভবিষ্যতেও দু’দল একে অপরের দেশে না গিয়ে তৃতীয় দেশে খেলবে।

শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠলে তাদের ম্যাচ হবে কলম্বোতে। আর পাকিস্তান ফাইনালে উঠলে ম্যাচটি আয়োজিত হবে নিরপেক্ষ ভেন্যুতে।

টুর্নামেন্ট শুরু হতে পারে আগামী ৭ ফেব্রুয়ারি, আর পর্দা নামবে ৮ মার্চ। চারটি গ্রুপে ভাগ হয়ে ২০ দল লড়বে মূল পর্বে। গ্রুপ পর্ব শেষে ৮ দল উঠবে সুপার এইটে, যেখানে দুই গ্রুপে ভাগ হয়ে তারা খেলবে একে অপরের বিপক্ষে। এরপর সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে পুরো টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে ৫৫টি ম্যাচ।

স্বাগতিক হিসেবে ভারত ও শ্রীলঙ্কা আগেই জায়গা নিশ্চিত করেছে। র‌্যাঙ্কিং ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্সে সরাসরি জায়গা পাওয়া দলগুলো হলো- আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।

র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় যুক্ত হয়েছে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান।

বাছাইপর্ব থেকে বিশ্বকাপে খেলবে কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, ওমান, নেপাল ও আরব আমিরাত।

সব মিলিয়ে জমজমাট সংঘর্ষে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে আরও আকর্ষণীয়, যেখানে নজর থাকবে আহমেদাবাদের বিশাল ফাইনাল আয়োজনের দিকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।