ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উদ্বোধনী দিনে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়ে টুর্নামেন্ট থেকেই বাদ পড়েছে লিটন দাসের দল। সেই দলের বদলি হয়ে খেলতে নেমে হারের তিক্ত স্বাদ পেয়েছে স্কটল্যান্ড। তাদের ৩৫ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে ক্যারিবিয়ানরা।
১৮৩ রানের লক্ষ্যে জবাবটা ভালোই দিচ্ছিল স্কটল্যান্ড। ১৩.১ ওভার পর্যন্ত ম্যাচেই ছিল তারা। জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন রিচি ব্যারিংটন ও টম ব্রুস। ২৪ বলে ৪২ রান করা ব্যারিংটনের আউটে ৭৮ রানের এই জুটি ভাঙতেই ধসে পড়ে স্কটল্যান্ডের ইনিংস। স্কটল্যান্ড অধিনায়কের ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছয়। পরের ওভারে বিদায় নেন ২৮ বলে ৩৫ রান করা টম ব্রুসও। তার পর আর ম্যাচে থাকেনি তারা। শেষ ৭ উইকেট হারিয়েছে মাত্র ৩২ রানে। তাতে ১৮.৫ ওভারে ১৪৭ রানেই শেষ হয় দলটির ইনিংস।
টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিকসহ ৫ বলে ৪ উইকেট নিয়েছেন রোমারিও শেফার্ড। সব মিলে ২০ রানে মোট ৫ উইকেট নিয়েছেন তিনি। আর ৩০ রানে ৩টি উইকেট নেন জেসন হোল্ডার। তিনি আবার প্রথম ক্যারিবিয়ান হিসেবে টি-টোয়েন্টিতে একশ উইকেটের মালিকও হয়েছেন।
এর আগে টস হেরে ব্যাট করে ৫ উইকেটে ১৮২ রানের বড় সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। শুরুর ভিতটা গড়েন শাই হোপ (১৯) ও ব্র্যান্ডন কিং (৩৫)। তার পর ইনিংসটা পরিণত করতে বড় অবদান শিমরন হেটমায়ারের। ৩৬ বলে ২ চার ও ৬ ছক্কায় ৬৪ রান করেন তিনি। হেটমায়ার আউট হন দলের ১৭৫ রানে। এই সময় স্কোরবোর্ড সমৃদ্ধ করতে তাকে সঙ্গে দেন রোভম্যান পাওয়েলও। ১৪ বলে ১ চার ও ২ ছক্কায় ২৪ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। তাছাড়া ১৩ বলে ৪চার ও ১ ছক্কায় ২৬ রানের ক্যামিও ইনিংস উপহার দেন শেরফানে রাদারফোর্ড।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
