ওয়ানডে ক্রিকেটে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না লিটন কুমার দাসের। সবশেষ ১৪ ইনিংসে কোনো অর্ধশতকের দেখা পাননি এই উইকেটরক্ষক ব্যাটার। সর্বশেষ ফিফটি করেছিলেন ২০২৩ সালের অক্টোবরে, ভারতের বিপক্ষে। এরপর থেকে টানা ব্যর্থতার বৃত্তে আটকে আছেন তিনি। ১৪ ইনিংসের মধ্যে নয়বারই ফিরেছেন এক অঙ্কের ঘরে, যার মধ্যে চারবার শূন্য রানে আউট হয়েছেন।
আগামী মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। সিরিজ সামনে রেখে লিটনের ফর্ম নিয়ে আলোচনা-সমালোচনা চলছে জোরেশোরেই। তবে এসব নিয়ে একেবারেই উদ্বিগ্ন নন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শান্তের বিশ্বাস, ওয়ানডেতে সাময়িক ছন্দপতন হলেও খুব দ্রুতই নিজেকে ফিরে পাবেন লিটন। তিনি বলেন, “শেষ কিছুদিন লিটন দাস যেভাবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে খেলছে, সে টেস্টেও নিয়মিত পারফর্মার। তাই আমার মনে হয় না ওয়ানডে নিয়ে খুব একটা চিন্তার কারণ আছে। সে খুব ভালো ছন্দে আছে। ওয়ানডেতে ব্যাট হাতে লিটন ছন্দে নেই, এটা নিয়ে অধিনায়ক হিসেবে আমি একদমই চিন্তিত নই।”
অভিজ্ঞতার জায়গাটিকেই বড় করে দেখছেন শান্ত। তাঁর ভাষায়, “আপনি যদি সম্প্রতি টেস্ট ও টি-টোয়েন্টিতে তার ব্যাটিং দেখেন, লিটন দারুণ খেলছে। আমি আশাবাদী, সে দলের জন্য ভালো কিছু করবে। তার ভেতরে সেই যোগ্যতা আছে এবং তার অভিজ্ঞতা আমাদের অনেক সাহায্য করবে।”
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
