বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দুই বছরের চুক্তি চলতি মাসেই শেষ হচ্ছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত বোর্ডকে আগেই জানিয়েছিলেন। এরপর থেকেই নতুন প্রধান নির্বাচক খুঁজছিল বিসিবি।
সেই প্রক্রিয়ায় শেষ পর্যন্ত অভিজ্ঞ সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের ওপরই আস্থা রাখল বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রধান নির্বাচক হয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। রোববার (২২ ফেব্রুয়ারি) নতুন প্রধান নির্বাচকের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বিসিবি।
এর আগে তিনি ২০১৬ সাল থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি নারী জাতীয় দলের নির্বাচক হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে অব্যাহতি পেলেও ক্রিকেট প্রশাসনে সক্রিয় ছিলেন বাশার। বর্তমানে তিনি বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘ অভিজ্ঞতা ও ক্রিকেট–জ্ঞানকে বিবেচনায় নিয়েই তাকে আবারও নির্বাচক প্যানেলে ফিরিয়ে আনল বিসিবি। তার নেতৃত্বে জাতীয় দলের নির্বাচনী কার্যক্রমে নতুন গতি আসবে বলেই আশা করছে বোর্ড।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
