যুবাদের হাত ধরে দেশের ফুটবলে এলো দারুণ এক সাফল্য। গতকাল শুক্রবার ভারতকে টাইব্রেকারে হারিয়ে অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ। শিরোপাজয়ী দলকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়ার চেষ্টা করছে সরকার। এদিকে ক্রিকেটাররাও উচ্ছসিত জুনিয়র ফুটবলারদের এই সাফল্যে।
সাফজয়ী দলকে অভিনন্দন জানিয়ে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘অভিনন্দন’। আরেক সিনিয়র সদস্য মুশফিকুর রহিম লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, চ্যাম্পিয়ন! সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ২০২৬ জেতায় তরুণদের অভিনন্দন।’ অভিনন্দন জানাতে গিয়ে তামিম লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন।’
টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস লিখেছেন, ‘দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন। দারুণ খেলেছে বাংলাদেশ দল। আমাদের গর্বিত করার জন্য ধন্যবাদ।’ পেস তারকা তাসকিন আহমেদ লিখেছেন, ‘বাংলাদেশকে অনেক অনেক অভিনন্দন! রোমাঞ্চকর টাইব্রেকারে ভারতের বিপক্ষে জিতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা—দারুণ পারফরম্যান্স।’
এছাড়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিয়ে ব্যস্ত সময় পার করা তানজিম হাসান তামিম, রিশাদ হোসেন, শরীফুল ইসলামরাও যুবাদের শিরোপা জয়ের আনন্দে সামিল হয়েছেন। বাংলাদেশের যুবাদের সাফ জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে ফেসবুক পেজে তামিম লিখেছেন, ‘দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন। নিঃসন্দেহে তোমরা আবারও বাংলাদেশকে গর্বিত করেছ।’
রিশাদ লিখেছেন, ‘সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলাদেশ অনূর্ধ্ব ২০ ফুটবল দলকে অভিনন্দন জানাই।’ নিজের বার্তায় শরীফুল লিখেছেন, ‘সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলকে জানাই বিশাল অভিনন্দন। এটা একটি দাপুটে জয় এবং বাংলাদেশের ফুটবলের ভবিষ্যতের এক উজ্জ্বল ইঙ্গিত।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
