পাকিস্তান সুপার লিগ খেলতে বাংলাদেশের ক্রিকেটারদের পাকিস্তান যাত্রা অব্যাহত রয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে এরই ধারাবাহিকতায় দেশ ছেড়েছেন তানজিদ হাসান তামিম ও রিশাদ হোসেন।
এর আগে সোমবার (২৩ মার্চ) চার ক্রিকেটার পাকিস্তানের উদ্দেশে রওনা দেন। বাকি থাকা এই দুই ক্রিকেটারও আজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি সকালের ফ্লাইটে পাকিস্তানের পথে যাত্রা করেন।
দেশ ছাড়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেরাই নিশ্চিত করেছেন দুই ক্রিকেটার। রিশাদের সঙ্গে ছবি পোস্ট করে তামিম লিখেছেন, এখন পিএসএলে অংশ নেয়ার সময়।
অন্যদিকে রিশাদ হোসেনও নিজের পোস্টে লিখেছেন, রাওয়ালপিন্ডিকে সঙ্গে নিয়ে পিএসএল ২০২৬-এর পথে এই আসরে ঝড় তুলতে চলেছি!
আসন্ন পিএসএলে রিশাদ হোসেন খেলবেন রাওয়ালপিন্ডি ফ্র্যাঞ্চাইজির হয়ে, যারা এবারের আসরে অভিষেকের অপেক্ষায় রয়েছে। নিলাম থেকে এই লেগস্পিনারকে দলে ভেড়ায় দলটি।
অন্যদিকে তানজিদ তামিম খেলবেন পেশোয়ার জালমির হয়ে। যদিও তিনি নিলামে দল পাননি, পরে সরাসরি চুক্তির মাধ্যমে তাকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। পিএসএলে এটিই তার প্রথম অংশগ্রহণ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে মোট ছয়জন ক্রিকেটার ১২ এপ্রিল পর্যন্ত পিএসএলে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন। তবে সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ থাকায় টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরতে হতে পারে তাদের।
আগামী মাসে বাংলাদেশ সফরে এসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড।
এবারের পিএসএলে সর্বোচ্চ ছয়জন বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছেন। তারা হলেন- মুস্তাফিজুর রহমান (লাহোর কালান্দার্স), পারভেজ হোসেন ইমন (লাহোর কালান্দার্স), শরিফুল ইসলাম (পেশোয়ার জালমি), নাহিদ রানা (পেশোয়ার জালমি), তানজিদ হাসান তামিম (পেশোয়ার জালমি) ও রিশাদ হোসেন (রাওয়ালপিন্ডি পিন্ডিজ)।
এর মধ্যে সবার আগে দল পান মুস্তাফিজুর রহমান, যাকে সরাসরি চুক্তিতে দলে নেয় লাহোর কালান্দার্স। পরে নিলাম থেকে ইমনকে নেয় একই দল। জালমি দলে যোগ দেন নাহিদ রানা ও শরীফুল ইসলাম।
সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেন তানজিদ তামিম। সিরিজে একটি সেঞ্চুরি ও একটি ফিফটি করে মোট ১৭৫ রান করেন তিনি। এই পারফরম্যান্সের জন্য সতীর্থ নাহিদ রানার সঙ্গে যৌথভাবে সিরিজসেরা নির্বাচিত হন।
সেই সিরিজ চলাকালীন ধারাভাষ্যে রমিজ রাজা তামিমকে পিএসএলে দেখার আগ্রহ প্রকাশ করেছিলেন। সিরিজ শেষ হওয়ার পরই তাকে দলে নেয় পেশোয়ার জালমি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
