ঢাকাFriday , 10 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

তামিমদের বোর্ডে মাঠ উন্নয়নে জোর, দায়িত্ব পেয়েই সক্রিয় বাবুল

BDKL DESK
April 10, 2026 8:31 pm
Link Copied!

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পালাবদলের পর মাঠ ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে নতুন অ্যাডহক কমিটি। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক গঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কাঠামোয় গ্রাউন্ডস কমিটির দায়িত্ব পাওয়া রফিকুল ইসলাম বাবুল দায়িত্ব নিয়েই সক্রিয় হয়ে উঠেছেন।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে প্রথম বৈঠক শেষে তিনি তুলে ধরেছেন একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনা ও সিদ্ধান্ত।
আন্তর্জাতিক সিরিজ সামনে রেখে উইকেট প্রস্তুতির পরিকল্পনা
চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের এই সিরিজকে সামনে রেখে উইকেট প্রস্তুতিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বোর্ড। বাবুল জানান, হোম কন্ডিশনের সুবিধা বজায় রেখেই এমন উইকেট তৈরি করা হবে, যেখানে দুই দলই স্বাচ্ছন্দ্যে খেলতে পারে।
তিনি বলেন, আন্তর্জাতিক মানের উইকেট ও আউটফিল্ড নিশ্চিত করতে অভিজ্ঞ কিউরেটরদের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি, সরঞ্জাম এবং স্টেডিয়াম অবকাঠামো—সবকিছুই পর্যালোচনা করা হচ্ছে। বিশেষ করে বিভিন্ন ভেন্যুতে নষ্ট হয়ে থাকা সিসি ক্যামেরা দ্রুত সচল করার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে আবহাওয়া, বিশেষ করে বৃষ্টি। সেটি মাথায় রেখেই প্রস্তুতির রূপরেখা নির্ধারণ করা হচ্ছে।
ঘরোয়া ক্রিকেটে ফিরছে প্রাণ
বন্ধ থাকা প্রিমিয়ার ডিভিশন লিগ চালুর বিষয়েও আশাবাদী বোর্ড। বাবুল জানান, দেশের শীর্ষ ক্লাবগুলো ইতোমধ্যে খেলতে সম্মতি দিয়েছে এবং সবকিছু ঠিক থাকলে মে মাসের শুরুতেই মাঠে গড়াবে লিগ।
তিনি বলেন, ‘প্রিমিয়ার লিগই বাংলাদেশের ক্রিকেটের ভিত তৈরি করেছে। এই লিগকে আবারও আকর্ষণীয় করে তুলতে আন্তর্জাতিক ক্রিকেটের মতোই সুবিধা দেওয়া হবে।’
ক্লাবগুলোর কিছু দাবি-দাওয়ার বিষয় রয়েছে, সেগুলো বোর্ড সভাপতির সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।
বাড়বে আন্তর্জাতিক ভেন্যু
দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় হয়ে থাকা কয়েকটি ভেন্যুকে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরিয়ে আনার পরিকল্পনাও রয়েছে। এর মধ্যে রয়েছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম ও ফতুল্লার খান শাহেব ওসমান আলি স্টেডিয়াম।
বাবুল জানান, এসব মাঠ একসময় আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত ছিল। তবে দীর্ঘদিন খেলা না হওয়ায় স্বীকৃতি হারিয়েছে। এখন সেগুলো সংস্কার করে পুনরায় আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেয়া হবে।
‘১০০ উইকেট’ পরিকল্পনা পর্যালোচনায়
সাবেক গ্রাউন্ডস কমিটি চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটের ‘১০০ উইকেট’ প্রকল্প নিয়ে নতুন কমিটি এখনই চূড়ান্ত অবস্থান নেয়নি। বাবুল বলেন, আগে দেখতে হবে পরিকল্পনাটি কোথায় এবং কীভাবে বাস্তবায়নের কথা ছিল।
তিনি জানান, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রিকেটার তুলে আনতে হলে মানসম্পন্ন উইকেট ও মাঠ নিশ্চিত করা জরুরি। প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।
তদন্তে গুরুত্ব পাচ্ছে অবকাঠামো অনিয়ম
পূর্বাচল স্টেডিয়ামের মাটি চুরির অভিযোগসহ সাম্প্রতিক ও বিগত বছরের বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখার কথাও জানিয়েছেন বাবুল। তিনি বলেন, ‘ঘটনার সত্যতা উদঘাটনে আমরা কাজ করব। শুধু এটিই নয়, গত কয়েক বছরে গ্রাউন্ডস ও ভেন্যুগুলোতে কী কী হয়েছে, সবই পর্যালোচনা করা হবে।’
দুদকের প্রাথমিক কিছু তথ্য ইতোমধ্যে বোর্ডের হাতে এসেছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।