প্রথম ম্যাচে তাসকিন আহমেদের বিধ্বংসী বোলিংয়ের কাছে নাস্তানুবাদ হয়েছিল নেদারল্যান্ডস। এবার দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বেশ ভুগেছেন ডাচ ব্যাটাররা। তাসকিনের পাশাপাশি নাসুম আহমেদ-মুস্তাফিজুর রহমানদের সামনে তাসের ঘরের মতো তাদের টপ অর্ডার ভেঙে যায় । শেষ দিকে আরিয়ান দত্ত কিছুটা লড়াই করলে কোনোরকমে একশ পেরিয়ে অলআউট হয় সফরকারীরা।
সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাটিংয়ে নেমে ১৭.৩ ওভারে ১০৩ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেছেন লোয়ার অর্ডার ব্যাটার আরিয়ান দত্ত। বোলিংয়ে ২১ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার নাসুম। তাসকিন ও মুস্তাফিজ পেয়েছেন ২টি করে উইকেট।
সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। রিশাদ হোসেন ও শরিফুল ইসলামের পরিবর্তে একাদশে সুযোগ পান নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব। আর প্রত্যাবর্তনের ম্যাচের প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন বাঁহাতি স্পিনার নাসুম।
তৃতীয় ওভারে শেখ মাহেদির জায়গায় বোলিংয়ে এসেই দ্বিতীয় ও তৃতীয় বলে টানা দুই উইকেট শিকার করেন নাসুম। ম্যাক্স ও’ডাউডকে ৮ রানে ফেরানোর পর তেজা নিদামিনুরু গোল্ডেন ডাক মারেন। পাওয়ার প্লের শেষ ওভার করতে এসে ২১ রান করা ওপেনার ভিক্রমজিত সিংয়ের উইকেট পান তাসকিন আহমেদ।
পাওয়ার প্লেতেই তিন উইকেট হারানো নেদারল্যান্ডস আর ঘুরে দাঁড়াতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একশর আগেই অলআউটের শঙ্কায় পড়েছিল তারা। তবে ৯ নম্বরে ব্যাট করতে নামা আরিয়ান দত্তের ৩০ রানের ইনিংসে ভর করে তিন অঙ্ক ছুঁয়েছে ডাচরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
