বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করছে নতুন ধরনের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট, নামকরণ করা হয়েছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করার কারণে ক্রিকেটারদের খেলার অভিজ্ঞতা ও ফিটনেস ধরে রাখার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে তিনটি দল ধুমকেতু একাদশ, দুর্বার একাদশ এবং দুরন্ত একাদশ। দলগুলোর নেতৃত্বে থাকছেন দেশের বর্তমান ও সাবেক জাতীয় দলের প্রধান ক্রিকেটাররা। ধুমকেতু একাদশকে নেতৃত্ব দেবেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস, দুর্বার একাদশের অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত, আর দুরন্ত একাদশের নেতৃত্বে থাকবেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী।
দলের কোচিং স্টাফও জাতীয় দলের অভিজ্ঞ কোচদের দিয়ে গঠন করা হয়েছে। ধুমকেতু একাদশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাহউদ্দিন, যিনি জাতীয় দলের সহকারী কোচ। তার সহকারী কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল, সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন তুষার ইমরান। দুরন্ত একাদশের প্রধান কোচ হান্নান সরকার, সহকারী কোচ রাজিন সালেহ।
টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। গ্রুপ পর্ব শুরু হবে ৫ ফেব্রুয়ারি এবং চলবে ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি, ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়, এর আগে বিকেল ৪টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বিসিবি প্রথমবারের মতো এই টুর্নামেন্টে চালু করেছে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম। এর মাধ্যমে খেলায় নতুন মাত্রা যোগ করা হবে এবং দর্শকদের খেলার প্রতি আগ্রহ আরও বাড়ানো হবে। টিকিটের দামও সহজলভ্য রাখা হয়েছে, সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত।
ধুমকেতু একাদশের স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
দুর্বার একাদশের স্কোয়াড
হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভির ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, খালেদ আহমেদ, আল ফাহাদ।
দুরন্ত একাদশের স্কোয়াড
জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলী (অধিনায়ক), আজিজুল হাকিম তামিম, রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
