সাইনাসের কারণে বিসিবি আয়োজিত ৩ দলীয় অদম্য কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেয়া হচ্ছে না তাসকিন আহমেদের। তার বদলি হিসেবে মুকিদুল ইসলাম মুগ্ধকে দলে নিয়েছে তাসকিনের দল ধূমকেতু একাদশ। বিসিবির এক বিশ্বস্ত সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, সাইনাসে আক্রান্ত তাসকিন কয়েকদিন আগে ডাক্তার দেখিয়েছেন। চিকিৎসকের তাকে কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এ কারণেই বিশেষায়িত এই টুর্নামেন্টে খেলা হচ্ছে না তার। তাসকিনের অনুপস্থিতিতে অবশ্য ধূমকেতুর স্কোয়াড খুব বেশি দুর্বল হয়ে পড়ছে না। এই দলে আগে থেকেই আছেন মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব এবং শরিফুল ইসলামের মতো পেসার। রিশাদ হোসেন, শেখ মেহেদী এবং নাসুম আহমেদের মতো বিশ্বমানের স্পিনারও।
বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপে না থাকায় জাতীয় ক্রিকেটাদের চলছে অপ্রত্যাশিত অবসর। ফাঁকা সেই সময়টা কাজে লাগাতে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’ নামে একটি ছোট টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি। দেশের তারকা ক্রিকেটারদের ৩ দলে ভাগ করে আয়োজন করা হচ্ছে টুর্নামেন্টটি।
আগামী ৩ এবং ৪ ফেব্রুয়ারি অনুশীলন করবে ৩ দল। ৫ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে মাঠে নামবে ধূমকেতু এবং দুরন্ত। পরের দিন ৬ ফেব্রুয়ারি ধূমকেতুর বিপক্ষে মাঠে নামবে দুর্বার। ৭ ফেব্রুয়ারি দুরন্তর বিপক্ষে খেলবে দুর্বার। ৯ ফেব্রুয়ারি সেরা দুই দল খেলবে ফাইনালে। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সব ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
একনজরে ধূমকেতুর স্কোয়াড
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহঅধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, মুকিদুল ইসলাম মুগ্ধ ও শরিফুল ইসলাম।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
