বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডাগআউটে হাভিয়ের কাবরেরা অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে। গত এপ্রিলে চুক্তির মেয়াদ শেষ হওয়ার মধ্য দিয়ে দেশের ফুটবল ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা এই প্রধান কোচ বিদায় নিয়েছেন।
সাফ চ্যাম্পিয়নশিপে দলকে সেমিফাইনালে তুলে দারুণ প্রশংসিত হয়েছিলেন এই স্প্যানিশ কোচ। তবে পরবর্তীতে তার কৌশল ও খেলার ধরন নিয়ে সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
কোচ পরিবর্তনের জোর দাবি উঠলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বরাবরই তার ওপর আস্থা রেখেছে। শেষ পর্যন্ত বরখাস্ত বা পদত্যাগের মতো কোনো ঘটনা ঘটেনি; বরং ৪ বছর ৪ মাসের পূর্ণ মেয়াদ শেষ করেই সসম্মানে বিদায় নিলেন তিনি।
বিদায়বেলায় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে একটি বার্তা শেয়ার করেছেন কাবরেরা। এই সুদীর্ঘ যাত্রার প্রতিটি সেকেন্ডকে ‘সার্থক’ উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে তার যাত্রা শেষ হলো এবং এটি দেশের ইতিহাসে কোনো কোচের দীর্ঘতম মেয়াদ।
এমন কিছু অবিস্মরণীয় স্মৃতি নিয়ে তিনি বিদায় নিচ্ছেন, যার প্রতিটি মুহূর্তই তার কাছে সার্থক মনে হয়েছে।
মাঠ ও মাঠের বাইরে দলের অনেক দূর এগিয়ে যাওয়ার কথা স্মরণ করে কাবরেরা বলেন, গুটিকয়েক দর্শকের সামনে খেলা থেকে শুরু করে কানায় কানায় পূর্ণ গ্যালারির সামনে খেলার রোমাঞ্চকর সব রাত তারা পার করেছেন। সবাই মিলে এমন একটি লড়াকু মানসিকতা গড়ে তুলেছেন, যা মহাদেশের বড় দলগুলোর বিপক্ষেও লড়াই করার সাহস জুগিয়েছে।
নিজের মেয়াদের বেশ কয়েকটি মাইলফলক নিয়েও গর্ব প্রকাশ করেছেন কাবরেরা। এর মধ্যে অন্যতম হলো দীর্ঘ ১৪ বছরের খরা কাটিয়ে বাংলাদেশকে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছে দেওয়া এবং দীর্ঘ ২২ বছর পর শক্তিশালী ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়। এছাড়া ২০১৬ সালের পর ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ দলকে সর্বোচ্চ অবস্থানে নিয়ে যাওয়ার কৃতিত্বও তার মেয়াদের অন্যতম সাফল্য। পাশাপাশি ২১ জন অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়ের অভিষেক ঘটিয়ে এশিয়ায় অন্যতম কনিষ্ঠ জাতীয় দল হিসেবে বাংলাদেশের ফুটবলের জন্য একটি শক্ত ভিত তৈরি করেছেন বলেও মনে করেন তিনি।
সব মিলিয়ে ২০২২ সালে দায়িত্ব নেওয়ার পর কাবরেরার অধীনে ৩৯টি ম্যাচ খেলেছে লাল-সবুজ জার্সিধারীরা, যেখানে জয় এসেছে মাত্র ১০টিতে। বিদায়বেলায় বাফুফে, খেলোয়াড় ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে কাবরেরা আশা প্রকাশ করেছেন, বাংলাদেশের ফুটবলের সেরা সময় এখনও আসা বাকি।
এদিকে কাবরেরার বিদায়ের পর জাতীয় দলের জন্য নতুন কোচের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবারই চূড়ান্ত হতে পারে বাংলাদেশ দলের নতুন কোচের নাম।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
