আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন তানজিদ হাসান তামিমের। প্রায় ২৭ মাস পর ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরি পেলেন বাংলাদেশের কোনো ওপেনার।
এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে নেলসনে ২৩ ম্যাচ আগে সেঞ্চুরি করেন বাংলাদেশ দলের ওপেনার সৌম্য সরকার।
আড়াই বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৭৫ ম্যাচ খেলা হয়েছে তানজিদের। পঞ্চাশের ছোঁয়া পেয়েছেন ১৬ বার। কিন্তু কোনোটিই নিতে পারেননি তিন অঙ্কের ফিগারে। অবশেষে সেঞ্চুরি খরা ঘোচালেন তানজিদ।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে ১০৭ বলে ১০৭ রানের ইনিংস উপহার দিলেন তানজিদ। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরিতে তিনি চার মেরেছেন ৬টি, ছক্কা ৭টি।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সবচেয়ে বেশি ছক্কার কীর্তি এটি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কার রেকর্ডও এটিই।
ওয়ানডেতে সব মিলিয়ে বাংলাদেশের কোনো ওপেনারের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড একটুর জন্য ছুঁতে পারেননি তানজিদ। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭৬ রানের ইনিংসে লিটন কুমার দাস ছক্কা মেরেছিলেন ৮টি।
এই সিরিজের প্রথম ম্যাচেও দুর্দান্ত ব্যাট করেছেন তানজিদ। সেদিন মাত্র ১১৫ রানের লক্ষ্যেই ৫ ছক্কায় ৪২ বলে ৬৭ রানে অপরাজিত রয়ে যান তিনি। পরের ম্যাচে ভালো করতে পারেননি। সামর্থ্যের সেরা চেহারা মেলে ধরলেন আজ সিরিজ নির্ধারণী ম্যাচে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
