দীর্ঘ দুই দশকের বর্ণিল ক্যারিয়ারের ইতি টানলেন বাংলাদেশের অভিজ্ঞ মিডফিল্ডার মামুনুল ইসলাম। ফর্টিস এফসির জার্সিতে রহমতগঞ্জের বিপক্ষে ম্যাচ খেলেই পেশাদার ফুটবলকে বিদায় বলেন দেশের সাবেক এই অধিনায়ক।
বিদায়ের দিনে আবেগঘন পরিবেশে সতীর্থ, ক্লাব কর্মকর্তা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিনিধিদের শুভেচ্ছায় সিক্ত হন তিনি। ২০০৫ সালে ব্রাদার্স ইউনিয়নের হয়ে অভিষেকের পর থেকে দেশের অন্যতম সৃজনশীল মিডফিল্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন মামুনুল। দীর্ঘ ২১ বছরের সেই যাত্রা শেষ হলো আজ।
জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ২০২০ সালে বুরুন্ডির বিপক্ষে। এরপর ধীরে ধীরে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে গেলেও ঘরোয়া লিগে খেলা চালিয়ে যান। গত মৌসুমে বদলি হিসেবে সাতটি ম্যাচে মাঠে নামেন তিনি, আর চলতি মৌসুমে আজকের ম্যাচটিই ছিল তার প্রথম ও শেষ উপস্থিতি।
তার বিদায়ী ম্যাচটি স্মরণীয় হয়ে থাকে ফর্টিস এফসির ৩-২ গোলের জয়ে। ফলে জয় দিয়েই শেষ হলো তার ক্যারিয়ার।
অবসর নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে মামুনুল বলেন, ‘দলের লক্ষ্য ছিল গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করা, যাতে লিগে শীর্ষ প্রতিযোগিতায় থাকা যায়। তিনি চাননি তার অবসরের প্রভাব দলের পারফরম্যান্সে পড়ুক, বরং দল যেন নিজেদের সেরা খেলাটি খেলতে পারে, এবং সেটাই হয়েছে।’
ক্যারিয়ারের অর্জন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি জানান, দেশের প্রায় সব ক্লাবের হয়ে খেলতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন। বিশেষ করে ফর্টিস এফসির হয়ে একটি শিরোপা জেতার ইচ্ছা এখনও তার রয়েছে। ক্লাবের দেয়া সম্মান ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে নিজেকে সুখী মানুষ বলেও উল্লেখ করেন এই অভিজ্ঞ ফুটবলার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
