ঢাকাThursday , 20 November 2025
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

শ্রীলঙ্কার কাছে হেরেও সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

BDKL DESK
November 20, 2025 9:45 pm
Link Copied!

হংকং ও আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে জয় থাকায় সেমিফাইনালে এক পা দিয়েই রেখেছিল বাংলাদেশ ‘এ’। এশিয়া কাপ রাইজিং স্টারসে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি তাই ছিল নিয়মরক্ষার। এমন সমীকরণের ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলের কাছে ৬ রানে হেরেছে আকবর আলীর দল।
বুধবার (১৯ নভেম্বর) দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৯ রান করেছিল শ্রীলঙ্কা ‘এ’ দল। লক্ষ্য তাড়ায় শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে ৬ উইকেটে ১৫৩ রানের বেশি তূলতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

তবে লঙ্কানদের কাছে হারলেও গ্রুপসেরা হয়েই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’ দল। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল শুক্রবার (২১ নভেম্বর) বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। একই দিন দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা খেলবে পাকিস্তানের বিপক্ষে।

১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম তিন ওভারেই স্কোরবোর্ডে ২৯ রান ওঠে বাংলাদেশের। চতুর্থ ওভারের প্রথম বলে হাবিবুর রহমান সোহান ১৪ বলে ২৭ রান করে আউট হয়ে যান। আরেক ওপেনার জিশান আলম ছিলেন সপ্তম ওভার পর্যন্ত। তবে এই ব্যাটার ১৬ বলে করেন কেবল ১৭ রান।

দুই ওপেনারের মতো থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি জাওয়াদ আবরার, আকবর আলীরাও। অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটার আবরার ২৩ বলে ২৬ ও আকবর ২৬ বলে ২৫ রান করে বিদায় নেন। মিডল অর্ডারে মাহিদুল ইসলাম অঙ্কন ১০ বলে করেন মাত্র ৮ রান।

ফলে শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ১৮ রান। মিলান রত্নায়েকের দ্বিতীয় বলে ইয়াসির আলী ছক্কা মেরে কিছুটা আশা জাগালেও শেষ পর্যন্ত ১১ রান তুলে বাংলাদেশ থেমেছে ১৫৩ রানে। লঙ্কানদের হয়ে দুনিথ ভেল্লালাগে ১৯ রানের বিনিময়ে নেন ৩ উইকেট।

এর আগে শ্রীলঙ্কাকে ভালো সংগ্রহ এনে দেন পাঁচে নামা সাহান আরিচিগে। শেষ ওভারে আউট হওয়ার আগে ৪৯ বলে ৬৯ রান করেন তিনি। শ্রীলঙ্কার ইনিংস থামে ৭ উইকেটে ১৫৯-এ। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন রিপন মন্ডল ও আবু হায়দার।

আট দলের রাইজিং স্টারস এশিয়া কাপে বাংলাদেশ খেলেছে গ্রুপ ‘এ’–তে। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান তিন দলের পয়েন্টই ৪ করে হলেও রান রেটে বাদ পড়েছে আফগানরা, সঙ্গে কোনো ম্যাচ না জেতা হংকং।

‘বি’ গ্রুপ থেকে পাকিস্তান ৬ পয়েন্ট এবং ভারত ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে ওঠে। এই গ্রুপ থেকে ২ পয়েন্ট নিয়ে ওমান আর কোনো পয়েন্ট ছাড়া সংযুক্ত আরব আমিরাত বাদ পড়ে।

সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ‘এ’ দল: ২০ ওভারে ১৫৯/৭ (আরিচিগে ৬৯, ভেল্লালাগে ২৩; আবু হায়দার ২/৩৭, রিপন ২/৪১)।
বাংলাদেশ ‘এ’ দল: ২০ ওভারে ১৫৩/৬ (হাবিবুর ২৭, জাওয়াদ ২৬, আকবর ২৫; ভেল্লালাগে ৩/১৯)।
ফল: শ্রীলঙ্কা ‘এ’ দল ৬ রানে জয়ী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।