বিসিবি নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাইয়ের দিন ছিল আজ (২৯ সেপ্টেম্বর)। গতকাল দাখিল হওয়া ৫১টি মনোনয়নের মধ্যে ৪৮টি বৈধ বলে বিবেচিত হয়েছে। ৩টি মনোনয়ন বাতিল হয়েছে। আপিলে তারা মনোনয়ন ফিরে না পেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবেন আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদীন ফাহিম।
বাতিল হওয়া তিনটি মনোনয়নের একটি আব্দুল্লাহ ফুয়াদ রেদোয়ানের। ঢাকা বিভাগ থেকে তিনিসহ মনোননয়ন দাখিল করেছিলেন আর দুইজন নাজমুল আবেদীন ফাহিম এবং আমিনুল ইসলাম বুলবুল। তাই রেদোয়ানের প্রার্থীতা বাতিল হলে ঢাকা বিভাগের প্রার্থী থেকে যায় কেবল দুইজন। আর এই বিভাগ থেকে পরিচালক হবেনও ২ জন। সেক্ষেত্রে আপিলে রেদোয়ান মনোনয়ন ফেরত না পেলে কোনো প্রতিদ্বন্দ্বীতা ছাড়াই জিততে পারেন ফাহিম-বুলবুল।
বাতিল হওয়া বাকি দুটির মধ্যে একটি হলো চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মোঃ শওকত হোসেনের মনোনয়ন। আরেকটি রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে মনোনীত কাউন্সিলর মোঃ হাসিবুল আলমের মনোনয়ন। এই দুজনের প্রার্থীতা বাতিল হলেও চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগে এখনও প্রতিদ্বন্দ্বিতা থাকছে।
নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামীকাল মনোনয়ন বাতিলের প্রেক্ষিতে আপিল করতে পারবেন প্রার্থীতা। কালই সেই আপিলের প্রেক্ষিতে শুনানি করার কথা রয়েছে। ১ অক্টোবর মনোনয়ন প্রত্যাহার করা যাবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
