ফিন অ্যালেন ও টিম সাইফার্টের ব্যাটে টি–টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে নতুন রেকর্ড। দুজনের অবিচ্ছিন্ন ১৭৫ রানের জুটি ভেঙে দিয়েছে আগের সব নজির, আর সেই জুটির ওপর ভর করেই সংযুক্ত আরব আমিরাতকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড।
চেন্নাইয়ে মঙ্গলবার ১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন দুই ওপেনার। পাওয়ারপ্লের ছয় ওভারে ওঠে ৭৮ রান। মাত্র ৮.৩ ওভারে জুটির শতরান পূর্ণ হয়। শেষ পর্যন্ত ১৫.২ ওভারেই জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড।
সাইফার্ট অপরাজিত থাকেন ৮৯ রানে, তার ইনিংসে ছিল ১২টি চার ও ৩টি ছক্কা। অ্যালেন করেন ৮৪* রান, ৫টি করে চার ও ছক্কায় সাজানো তার ইনিংস। সাইফার্টের একটি বিশাল ছক্কাতেই ম্যাচ শেষ হয়।
তাদের এই ১৭৫ রানের জুটি টি–টোয়েন্টি বিশ্বকাপে যেকোনো উইকেটে সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও জস বাটলারের অবিচ্ছিন্ন ১৭০ রানের জুটি।
ম্যাচসেরা সাইফার্ট বলেন, “আমরা যেভাবে খেলতে চাই, সেভাবেই খেলতে পারছি। বিশেষ করে পাওয়ারপ্লেতে আমি আর ফিন বোলারদের ওপর চাপ তৈরি করতে পেরেছি। বিশ্বকাপে প্রতিটি ম্যাচ, প্রতিটি মাঠ আলাদা। তাই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়।”
রেকর্ড জুটির কথা জানতেন না বলেও জানান সাইফার্ট। “আমি পরিসংখ্যান নিয়ে খুব একটা ভাবি না। তবে এটা হলে ভালোই লাগছে,” বলেন তিনি। এর আগে ব্যাট করতে নেমে সংযুক্ত আরব আমিরাত তোলে ৬ উইকেটে ১৭৩ রান। দলটির হয়ে সর্বোচ্চ ৬৬* রান করেন অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। আলিশান শরাফুর সঙ্গে দ্বিতীয় উইকেটে ১০৭ রানের জুটি গড়েন তিনি।
এই জুটি ভাঙে নিউজিল্যান্ডের দারুণ এক ফিল্ডিংয়ে। শরাফুর স্লগ সুইপ বাউন্ডারির ভেতরে দৌড়ে থামিয়ে সীমারেখা ছোঁয়ার আগেই বলটি ছুঁড়ে দেন মার্ক চ্যাপম্যান, দারিল মিচেল সেটি ধরে আউট সম্পন্ন করেন। ৪৫ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় সাজানো ওয়াসিমের ইনিংসটি না থাকলে আমিরাতের সংগ্রহ আরও ছোট হতে পারত।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
