ফুটবল বিশ্বের অধীর অপেক্ষার অবসান ঘটল এক হতাশাজনক খবরে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে কাতার থেকে সরিয়ে নেওয়া এবং শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে ২০২৬ সালের ফিনালিসিমা। উয়েফা রবিবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে।
২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার* মধ্যে এই মর্যাদাপূর্ণ ম্যাচটি ২৭ মার্চ দোহার মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ফুটবল প্রেমীদের কাছে এই ম্যাচটি ছিল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ প্রথমবারের মতো মাঠে মুখোমুখি হওয়ার কথা ছিল বর্তমানের মহাতারকা লিওনেল মেসি এবং উদীয়মান বিস্ময় বালক লামিন ইয়ামালের।
মূলত মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধাবস্থা এবং রাজনৈতিক অস্থিরতার কারণেই কাতারকে এই ম্যাচের জন্য নিরাপদ মনে করেনি আয়োজকরা। উয়েফা এবং কনমেবল বিকল্প হিসেবে মাদ্রিদ বা বুয়েনস আইরেসে ম্যাচটি আয়োজনের চেষ্টা করেছিল। উয়েফার দাবি, তারা মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি আয়োজনের প্রস্তাব দিলেও আর্জেন্টিনা তাতে রাজি হয়নি। আবার আর্জেন্টিনা ম্যাচটি বিশ্বকাপের পর খেলার প্রস্তাব দিলেও স্পেনের ঠাসা সূচির কারণে তা সম্ভব হবে না। আর্জেন্টিনা কেবল ৩১ মার্চ খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছিল, যা উয়েফার কাছে গ্রহণযোগ্য ছিল না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
