আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শেষে আবারও মাঠে গড়িয়েছে বাংলাদেশের ঘরোয়া ফুটবল। প্রায় তিন সপ্তাহের বিরতির পর আজ মাঠে গড়িয়েছে ফেডারেশন কাপের লড়াই। ফয়সাল আহমেদ ফাহিম-দোরিয়েলতনের নৈপুণ্যে বসুন্ধরা কিংস জয় পেলেও হেরেছে ফর্টিস এফসি।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মঙ্গলবার (৭ এপ্রিল) ‘বি’ গ্রুপের ম্যাচে আরামবাগকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা কিংস। দিনের আরেক ম্যাচে ফর্টিস এফসিকে ২-১ গোলে হারিয়েছে পুলিশ এফসি।
তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পুলিশ এফসি। সমান ৫ পয়েন্ট করে আছে বসুন্ধরা কিংস, ফর্টিস ও মোহামেডানের। তবে গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে কিংস, তৃতীয় স্থানে ফর্টিস ও চতুর্থ স্থানে আছে মোহামেডান। তিন ম্যাচের সবগুলো হেরে তলানিতে আরামবাগ। টেবিলের সেরা দুই দল পেরুবে গ্রুপ পর্ব।
শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বসুন্ধরা কিংস, আর খেলাটা ধীরে ধীরে একপেশে রূপ নেয়। ১৬তম মিনিটে ফাহিমের বাড়ানো দারুণ আড়াআড়ি ক্রসে লাফিয়ে উঠে দোরিয়েলতনের কোনাকুনি হেড জালে জড়ালে এগিয়ে যায় কিংস।
এর মাত্র ছয় মিনিট পরই ব্যবধান বাড়ায় তারা। ২২তম মিনিটে ডান প্রান্ত দিয়ে উঠে আসা রাকিব হোসেনের নিখুঁত ক্রস দূরের পোস্টে পেয়ে ঠান্ডা মাথায় প্লেসিং শটে বল জালে পাঠান ফাহিম।
৫২তম মিনিটে সাদ উদ্দিনের চমৎকার থ্রু পাসে অফসাইড ট্র্যাপ ভেঙে বল নিয়ন্ত্রণে নেন ইমানুয়েল সানডে। দ্রুত বক্সে ঢুকে এগিয়ে আসা গোলকিপার আজাদ হোসেনকে পরাস্ত করে পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ান তিনি।
৫৫তম মিনিটে ব্যবধান আরও বাড়ায় বসুন্ধরা কিংস। ফাহিমের নিচু ক্রস থেকে গোলমুখে সহজ সুযোগ পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন দোরিয়েলতন। ৬২তম মিনিটে ফাহিমের হেডে বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়।
এর চার মিনিট পরই ব্যবধান আরও বাড়ান সোহেল রানা। বক্সের ভেতরে চমৎকারভাবে বল নিজের নিয়ন্ত্রণে এনে দৃষ্টিনন্দন কোনাকুনি শটে স্কোরলাইন নিয়ে যান ৫-০ তে নিয়ে যান তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
