ঢাকাTuesday , 18 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

অস্ট্রেলিয়ার ছাড়পত্র পেয়েও কেন বাংলাদেশের বিপক্ষে খেলতে পারছেন না উইলিয়ামস

BDKL DESK
November 18, 2025 6:54 pm
Link Copied!

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী, কানাডার লিগে খেলা শমিত সোমসহ একাধিক প্রবাসী ফুটবলারদের দলে ভিড়িয়েছে বাংলাদেশ। এবার সেই পথে হেঁটে অস্ট্রেলিয়ান প্রবাসী ফুটবলার রায়ান উইলিয়ামসকে দলে নিয়েছে ভারত। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে তাকে সঙ্গে নিয়েই ঢাকায় এসেছে তারা। তবে অস্ট্রেলিয়ার ছাড়পত্র পেলেও ফিফার অনুমোদন না পাওয়ায় আজ বাংলাদেশের বিপক্ষে বেঞ্চেই বসে থাকতে হচ্ছে এই ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারকে।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ‘সি’ গ্রুপের তিন নম্বরে আছে বাংলাদেশ। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় টেবিলের চারে আছে ভারত। এরই মধ্যে বিদায় নিশ্চিত হওয়া এই দুই প্রতিবেশি দল এবার মুখোমুখি হচ্ছে মর্যাদার লড়াইয়ে। গত মার্চে শিলংয়ে দুই দলের প্রথম লেগের ম্যাচ শেষ হয়েছিল গোলশূন্য সমতায়। এবার ঘরের মাঠে বাংলাদেশের লক্ষ্য ভারতকে মর্যাদার লড়াইয়ে হারানো। জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৮টায়।

এ ম্যাচে পূর্ণশক্তির দল নিয়েই ভারতকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বাংলাদেশ। ভারতের বিপক্ষে এই ম্যাচে হামজা চৌধুরী-শমিত সোমদের সঙ্গী হচ্ছে ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের যুবদলে খেলা কিউবা মিচেলও।

এর আগে গত মার্চে শিলংয়ে প্রথম লেগের ম্যাচটি দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর। সে ম্যাচে ফিনিশিং ভালো হলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারতো বাংলাদেশ। এক হামজাই কাঁপিয়ে দিয়েছিলেন ভারতীয়দের। শমিত সোম-কিউবা মিচেলরা যুক্ত হওয়ায় লাল-সবুজ জার্সিধারীদের শক্তি বেড়েছে আরও। ফলে ভারতের জন্য নিশ্চিতভাবেই কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

বাংলাদেশের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচের আগে শক্তি বাড়াতে ভারতও একই পথে হাঁটছে। দলে টেনেছে অস্ট্রেলিয়ার ফরোয়ার্ড রায়ান উলিয়ামসকে। অস্ট্রেলিয়ান নাগরিকত্ব ত্যাগ করে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন ৩২ বছর বয়সী উইলিয়ামস। গত রোববার (৯ নভেম্বর) অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জানায়, খালিদ জামিলের তত্ত্বাবধানে বেঙ্গালুরুতে চলমান জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি। তার সঙ্গে রয়েছেন ডিফেন্ডার জয় গুপ্তা।

তবে বাংলাদেশের বিপক্ষে আজ রায়ান উইলিয়ামসকে খেলাতে পারবে না ভারত। ম্যাচের আগের দিন সোমবার (১৭ নভেম্বর) সংবাদ সম্মেলনে ভারতের কোচ খালিদ জামিল বলেছিলেন রায়ান উইলিয়ামসের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন তারা। সেই অপেক্ষা ফলপ্রসূ হলো না। অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন থেকে অনাপত্তিপত্র পেলেও ফিফার অনুমোদন এখনো পায়নি ভারত। তাই আজ বাংলাদেশ ম্যাচে প্রবাসী রায়ানকে খেলাতে পারছে না তারা।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছেড়ে ভারতীয় পাসপোর্ট হাতে নেওয়া রায়ান আজ (১৮ নভেম্বর) সকালেই পেয়েছেন ফুটবল অস্ট্রেলিয়ার ছাড়পত্র। এনওসি সংক্রান্ত জটিলতার কারণে ভারতের জার্সিতে তার অভিষেকের জন্য আগামী ফিফা উইন্ডো পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

রায়ানকে অবশ্য প্রাথমিক দলে ডাকেননি খালিদ জামিল। ভারতীয় পাসপোর্ট পাওয়ার পর সঙ্গে সঙ্গেই তাকে যুক্ত করা হয় ক্যাম্পে। এমনকি খেলানোর অনিশ্চয়তা সত্ত্বেও দলের সঙ্গে তাকে ঢাকায় আনা হয়।

রায়ানের পেশাদার ফুটবলের শুরুটা অস্ট্রেলিয়াতেই। ইসিইউ জুনডালুপের হয়ে খেলা শুরু করেন তিনি। এরপর এক দশক ইংল্যান্ডের ফুলহ্যাম, পোর্টসমাউথ, অক্সফোর্ড ইউনাইটেড এবং রদারহাম ইউনাইটেডে খেলেছেন। ২০২২ সালে অস্ট্রেলিয়ায় ফিরে পার্থ গ্লোরিতে যোগ দেন। পরের বছর ভারতের বেঙ্গালুরু এফসিতে নাম লেখান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।